সাধারণত জলপ্রপাতের ভেজা পাথরে পা রাখলেই পিছলে পড়ার আশঙ্কা থাকে। কিন্তু থাইল্যান্ডের চিয়াং মাইয়ে রয়েছে এমন এক ব্যতিক্রমী জলপ্রপাত, যেখানে পাথরের ওপর দিয়ে পানির স্রোত নেমে এলেও পর্যটকেরা সেই স্রোতের বিপরীতে হেঁটে ওপরে উঠতে পারেন। অদ্ভুত এই বৈশিষ্ট্যের কারণে জলপ্রপাতটি পরিচিতি পেয়েছে ‘স্টিকি ওয়াটারফল’ নামে।
থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের মে তায়েং জেলার মে হো ফ্রা এলাকায় অবস্থিত বুয়া টং জলপ্রপাত। এর পাথরগুলো খসখসে হওয়ায় ভেজা অবস্থাতেও পায়ের ভালো grip তৈরি হয়। ফলে সাধারণ জলপ্রপাতের মতো এখানে সহজে পা পিছলে যায় না।
কেন পিছলে যায় না পাথর?
বুয়া টং জলপ্রপাতের পাথরের বিশেষ বৈশিষ্ট্যের পেছনে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট। খনিজসমৃদ্ধ প্রাকৃতিক প্রস্রবণের পানি থেকে দীর্ঘদিন ধরে পাথরের গায়ে এই উপাদানের আস্তরণ তৈরি হয়েছে। এতে পাথরের পৃষ্ঠে এমন একটি খসখসে গঠন সৃষ্টি হয়েছে, যা ভেজা অবস্থাতেও পা রাখার জন্য তুলনামূলক ভালো গ্রিপ দেয়।
এ কারণে অনেক পর্যটক খালি পায়ে জলপ্রপাতের পাথর বেয়ে ওপরে ওঠেন। তবে সব জায়গা সমান নিরাপদ নয়। বিশেষ করে যেসব স্থানে সবুজ শ্যাওলা জমেছে, সেগুলো পিচ্ছিল হতে পারে।
চার ধাপে জলপ্রপাত বেয়ে ওঠার অভিজ্ঞতা
বুয়া টং জলপ্রপাতের চারটি ধাপ রয়েছে। কিছু অংশ বেশ খাড়া হলেও নিচ থেকে ধাপে ধাপে ওপরে ওঠার সুযোগ আছে। খাড়া অংশে ওঠার সুবিধার জন্য দড়িও লাগানো রয়েছে। পুরো পথ পাড়ি দিতে সাধারণত ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে।
কোথায় অবস্থিত ও কীভাবে যাবেন?
চিয়াং মাই শহরের পুরোনো অংশ থেকে বুয়া টং জলপ্রপাতের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। গাড়িতে যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে। চিয়াং মাই শহরে অবস্থান করে এক দিনের ভ্রমণেই জলপ্রপাতটি ঘুরে দেখা সম্ভব।
দিল্লি থেকে যাত্রা করতে চাইলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিয়াং মাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট নিতে পারেন। সাধারণত পথে যাত্রাবিরতি করতে হয়। ব্যাংকক হতে পারে সম্ভাব্য যাত্রাবিরতির স্থান।
খোলার সময় ও প্রবেশমূল্য
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জলপ্রপাতের পার্ক সাধারণত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্যও নেই। সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পৌঁছালে তুলনামূলক কম ভিড় পাওয়া যায় এবং আবহাওয়াও কিছুটা শীতল থাকে।
কখন যাবেন?
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চিয়াং মাইয়ের আবহাওয়া সাধারণত ভ্রমণের জন্য আরামদায়ক থাকে। এ সময় জলপ্রপাত ঘুরে দেখা এবং পাথর বেয়ে ওঠার অভিজ্ঞতা নেওয়ার পরিকল্পনা করতে পারেন পর্যটকেরা।