চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত পর্যটকদের জন্য নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পতেঙ্গায় আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো নির্মাণ এবং খেজুরতলায় প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ পরিবেশ অক্ষুণ্ন রেখে সবুজ পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ এবং পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
রোববার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা ও নান্দনিক চট্টগ্রাম গড়ার কার্যক্রমে এসব পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট থেকে খেজুরতলার শেষ প্রান্ত পর্যন্ত পুরো সৈকত উন্মুক্ত করে পর্যটকদের জন্য আকর্ষণীয়ভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। তবে দুই এলাকার জন্য আলাদা বৈশিষ্ট্যের পরিবেশ তৈরি করা হবে। পতেঙ্গায় আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে, অন্যদিকে খেজুরতলায় প্রাকৃতিক সবুজ পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া হবে।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে পতেঙ্গা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
খেজুরতলার পর্যটন সম্ভাবনা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এখানকার নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করতে পারে। সৈকতটির প্রাকৃতিক সৌন্দর্য যথাযথভাবে তুলে ধরতে পারলে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি বাড়বে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, খেজুরতলার প্রায় আড়াই কিলোমিটার সৈকত প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটিই উপভোগ করা যায়। পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে এলাকাটিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, তৈরি পোশাকশিল্প, কৃষি ও প্রবাসী আয়ের পাশাপাশি পর্যটনও দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে। খেজুরতলাকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে বিদেশি পর্যটকদের আকর্ষণ এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়নের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
জেলা প্রশাসক আরও বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়। পর্যটকদের নিরাপত্তা, মানসম্মত সেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যম ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি জানান, গত জুলাই থেকে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করছে। পতেঙ্গা ও খেজুরতলার পাশাপাশি জেলার অন্যান্য সম্ভাবনাময় ও তুলনামূলকভাবে অপরিচিত পর্যটন এলাকাকেও পর্যায়ক্রমে পরিচিত করার পরিকল্পনা রয়েছে।