ঢাকার ব্যস্ত নগরজীবনে পরিবার ও বন্ধুদের নিয়ে ভিন্নধর্মী সময় কাটানোর সুযোগ খুঁজছেন? মিরপুরের ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হতে পারে এমনই একটি গন্তব্য। এখানে হাঁটতে হাঁটতে মনে হবে পায়ের নিচের মাটি নড়ছে, কখনো নিজেকে আবিষ্কার করবেন চাঁদের পরিবেশে, আবার কখনো আয়নায় দেখতে পাবেন নিজেরই অসংখ্য প্রতিবিম্ব। দৃষ্টিভ্রম, ত্রিমাত্রিক শিল্পকর্ম, ছবি তোলার আয়োজন ও ইন্টারঅ্যাকটিভ গেমসের সমন্বয়ে সাজানো এই বিনোদনকেন্দ্রটি শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীর জন্য তৈরি করা হয়েছে।

ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম কী?

ওয়াওজা নিজেদের বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ইলিউশন ও ইমারসিভ এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হিসেবে পরিচয় দেয়। অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমের কৌশল ব্যবহার করে সাজানো হয়েছে এর বিভিন্ন আয়োজন। রয়েছে নিজস্ব চরিত্র উজিও।

কয়েকজন তরুণের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠেছে ওয়াওজা। থাইল্যান্ড ও নেপালের মতো দেশ ভ্রমণের সময় সেখানকার ত্রিমাত্রিক শিল্পকর্মের প্রদর্শনী এবং দৃষ্টিভ্রম জাদুঘর দেখে বাংলাদেশেও এমন একটি বিনোদনকেন্দ্র গড়ে তোলার চিন্তা আসে তাঁদের।

ওয়াওজার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হৃদয় চৌধুরী জানান, দুই-তিন বছরের শিশু থেকে শুরু করে যেকোনো বয়সী মানুষ যাতে এখানে আনন্দ উপভোগ করতে পারেন, সেভাবেই কেন্দ্রটি সাজানো হয়েছে। অপটিক্যাল ইলিউশন মিউজিয়াম, পারস্পেকটিভ আর্ট ও গেমিং জোনসহ বিভিন্ন ভাগে বিভক্ত পুরো আয়োজন।

ওয়াওজায় যেসব আকর্ষণ রয়েছে

১. ভর্টেক্স টানেল

ওয়াওজার অন্যতম প্রধান আকর্ষণ ভর্টেক্স টানেল। অন্ধকার ঘরের মধ্যে তৈরি এই সুড়ঙ্গের চারপাশে রয়েছে লাল ও নীল আলোর খেলা। এর মধ্য দিয়ে হাঁটার সময় মনে হবে পায়ের নিচের মাটি নড়ছে এবং পুরো সুড়ঙ্গ ঘুরছে। আলো ও দৃষ্টিভ্রমের সমন্বয়ে তৈরি এই অভিজ্ঞতা দর্শনার্থীদের জন্য বেশ ব্যতিক্রমী।

২. মোশন প্লে রুম ও শ্যাডো ড্যান্স

এখানে বড় পর্দায় মাইকেল জ্যাকসন বা হাল্কের মতো পছন্দের চরিত্র বেছে নেওয়া যায়। এরপর ৩০ সেকেন্ডের মধ্যে দর্শনার্থীর অঙ্গভঙ্গি পর্দায় থাকা চরিত্রটি অনুকরণ করে। ফলে নিজের নড়াচড়ার সঙ্গে চরিত্রের মিল দেখার সুযোগ পাওয়া যায়।

৩. টিল্ট রুম

কিছুটা বাঁকানো কাঠামোর এই কক্ষে প্রবেশ করলে মনে হবে চাঁদের মাটিতে হাঁটছেন। অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করতে নভোচারীদের পোশাক যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

৪. অ্যামস রুম

এই কক্ষের দুই প্রান্তে দাঁড়ানো দুজন মানুষকে আকারে ভিন্ন মনে হবে। একজনকে অনেক বড় এবং অন্যজনকে ছোট দেখাবে। দৃষ্টিভ্রমের এই কৌশল পরিবার ও বন্ধুদের সঙ্গে ছবি তোলার জন্য আকর্ষণীয়।

৫. ক্যামোফ্লাজ রুম

দেয়ালের সঙ্গে মিলে যায় এমন পোশাক ও আয়নার কৌশলে এখানে দর্শনার্থীকে প্রায় অদৃশ্য মনে হয়। শুধু মুখের অংশ দৃশ্যমান থাকে। আয়নার প্রতিফলনে একই ব্যক্তির একাধিক প্রতিবিম্বও দেখা যায়।

৬. ত্রিমাত্রিক ও পারস্পেকটিভ ওয়াল আর্ট

কেন্দ্রটির বিভিন্ন জায়গায় রয়েছে ত্রিমাত্রিক ও পারস্পেকটিভ শিল্পকর্ম। এসব ছবির সঙ্গে বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে ছবি তোলা যায়। এর মধ্যে রঙিন শহরের দৃশ্যটি বিশেষভাবে নজর কাড়ে।

৭. মিরর মেইজ

আয়নার গোলকধাঁধায় প্রবেশ করলে চারদিকে নিজের অসংখ্য প্রতিবিম্ব দেখা যায়। পাশাপাশি রয়েছে সূর্যমুখীর বাগানের দৃশ্য ও আলোর নানা আয়োজন।

৮. ইন্টারঅ্যাকটিভ গেমস

বিভিন্ন ধরনের অংশগ্রহণমূলক খেলার ব্যবস্থাও রয়েছে। লাল-নীল ব্লকের খেলা থেকে শুরু করে নাটাই দিয়ে ঘুড়ি ওড়ানোর ভিডিও গেম, সব মিলিয়ে শিশু ও বড়দের জন্য রয়েছে বিনোদনের সুযোগ।

টিকিটের মূল্য ও খোলার সময়

ওয়াওজায় প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য ৫০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর। প্রতিটি টিকিটের মেয়াদ এক ঘণ্টা। এই সময়ের মধ্যে বিভিন্ন আয়োজন ও গেমস যতবার ইচ্ছা উপভোগ করা যাবে। একক টিকিটের পাশাপাশি রয়েছে বিভিন্ন প্যাকেজের ব্যবস্থাও।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে ওয়াওজা।

কোথায় অবস্থিত?

ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়ামের অবস্থান রাজধানীর মিরপুর-১২ নম্বরে, হাজী কুজরাত আলী মোল্লা মার্কেটের চতুর্থ তলায়।