স্পেনের রাস্তাঘাট, পার্ক, ক্যাফে কিংবা জনসমাগমস্থলে প্রকাশ্যে চুম্বন স্বাভাবিক ঘটনা। শুধু প্রেমিক যুগল নয়, পরিচিতজনদের সঙ্গে দেখা হলেও স্প্যানিশদের গালে গালে চুমু দিয়ে শুভেচ্ছা জানানোর প্রচলন রয়েছে। কিন্তু প্রকাশ্যে ভালোবাসার এমন স্বাভাবিক প্রকাশের পেছনে রয়েছে দেশটির সংস্কৃতি, জীবনযাপন ও ইতিহাসের এক চমকপ্রদ গল্প।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের এক গবেষণায় দেখা গেছে, নতুন পরিচিত মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখার প্রবণতা স্পেনে তুলনামূলক কম। গ্রিস, ইতালি ও পর্তুগালের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলোর তুলনায়ও স্প্যানিশরা শারীরিক নৈকট্যে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
মাদ্রিদের কমপ্লুতেন্সে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক আমপারো লাসেনের মতে, উত্তর ইউরোপের দেশগুলোর তুলনায় স্প্যানিশরা শারীরিকভাবে আবেগ প্রকাশে বেশি স্বতঃস্ফূর্ত। দেশটির মানুষের দৈনন্দিন জীবনও অনেকটা বাইরের জগৎকেন্দ্রিক। রাস্তাঘাট, পার্ক, চত্বর ও ক্যাফেতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া তাদের জীবনযাপনের অংশ।
বিবিসি লিখেছে, এর পেছনে আবাসন পরিস্থিতিরও ভূমিকা রয়েছে। স্পেনের প্রায় ৬৫ শতাংশ মানুষ অ্যাপার্টমেন্টে বসবাস করেন, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। বাড়ির দাম বেড়ে যাওয়ায় অনেক তরুণ-তরুণী দীর্ঘদিন পরিবারের সঙ্গে থাকেন। ফলে ব্যক্তিগত সময় কাটানোর জন্য অনেক যুগলকে নিরিবিলি পার্কের বেঞ্চ কিংবা বাইরের কোনো জায়গা বেছে নিতে হয়।
তবে প্রকাশ্যে চুম্বনের সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা লুকিয়ে আছে স্পেনের ইতিহাসে।
১৯৩৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনামলে দেশটিতে রক্ষণশীল ক্যাথলিক মূল্যবোধের প্রভাব ছিল প্রবল। সমকামিতা অপরাধ হিসেবে বিবেচিত হতো। প্রকাশ্যে ভালোবাসা প্রকাশের ওপরও ছিল কঠোর নিয়ন্ত্রণ। এমনকি রাস্তায় চুম্বন করার জন্য যুগলদের জরিমানাও করা হতে পারত।
১৯৭৫ সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর স্পেনে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন শুরু হয়। মাদ্রিদে গড়ে ওঠে ‘লা মুভিদা মাদ্রিলেনা’ নামে স্বাধীনচেতা সাংস্কৃতিক আন্দোলন। চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভারসহ অনেক শিল্পী তাঁদের কাজের মাধ্যমে পুরোনো রক্ষণশীল মূল্যবোধকে চ্যালেঞ্জ করেন।
১৯৮৬ সালে মাদ্রিদের পুয়ের্তা দেল সোল এলাকায় প্রকাশ্যে চুম্বনের কারণে দুই নারী গ্রেপ্তার হন। তাঁদের দুই দিন পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। এর প্রতিবাদে ১৯৮৭ সালের ২৩ ফেব্রুয়ারি সেখানে আয়োজন করা হয় গণচুম্বন কর্মসূচি। নব্বইয়ের দশক পর্যন্ত মাদ্রিদের প্রায় প্রতিটি প্রাইড মার্চের সমাপ্তিও হতো ওই চত্বরে চুম্বনের মাধ্যমে। শেষ পর্যন্ত ১৯৮৮ সালে প্রকাশ্যে কেলেঙ্কারি সৃষ্টির অভিযোগে শাস্তির বিধানটি বাতিল করা হয়।
বর্তমানে স্পেনে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ অনেকটাই স্বাভাবিক। তবে এই স্বাধীনতার অভিজ্ঞতা সবার জন্য সমান নয়। বিশেষ করে সমলিঙ্গের যুগলদের এখনো কখনো কখনো সামাজিক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হতে হয়।
ভ্যালেন্সিয়ার সাবেক বিয়ের আলোকচিত্রী পলা ফুরিওর মতে, স্পেনে প্রকাশ্যে চুম্বন কেবল ভালোবাসার প্রকাশ নয়, এটি ব্যক্তিস্বাধীনতারও প্রতীক।
অর্থাৎ স্পেনের রাস্তায় অহরহ চুম্বনের দৃশ্যের পেছনে রয়েছে মানুষের শারীরিক ঘনিষ্ঠতায় স্বাচ্ছন্দ্য, সামাজিক জীবনযাপন এবং দীর্ঘদিনের দমন-পীড়ন থেকে বেরিয়ে আসার ইতিহাস। একসময় যে চুম্বনের জন্য গ্রেপ্তার হতে হতো, আজ সেটিই স্প্যানিশ জীবনের খুব সাধারণ একটি দৃশ্য।