তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা প্রদেশে রয়েছে এক অদ্ভুত শহর। নাম কায়াকয়। পাহাড়ের ঢালে সারি সারি বাড়ি, সরু রাস্তা, প্রাচীন পানির ফোয়ারা, স্কুল ও গির্জা—সবই আছে। কিন্তু নেই কোনো বাসিন্দা। এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শহরটি। এ কারণে কায়াকয় পরিচিত ‘ভূতের শহর’ হিসেবে।
একসময় শহরটির নাম ছিল লেভিসি। শতাধিক বছর আগে এখানে বসবাস করতেন অন্তত ১০ হাজার গ্রিক অর্থোডক্স খ্রিষ্টান। তাঁদের অনেকে ছিলেন কারুশিল্পী। অন্যদিকে আশপাশের এলাকায় বসবাস করতেন মুসলিম তুর্কি কৃষকেরা। দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতেন। খবর সিএনএন।
কিন্তু তুরস্কের স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশের সময় রাজনৈতিক অস্থিরতা তাঁদের জীবন বদলে দেয়। ১৯২২ সালে গ্রিক-তুর্কি যুদ্ধের অবসানের পর দুই দেশের মধ্যে জনসংখ্যা বিনিময়ের সিদ্ধান্ত হয়। এর আওতায় কায়াকয়ের গ্রিক অধিবাসীদের গ্রিসে পাঠিয়ে দেওয়া হয়। তাঁদের জায়গায় গ্রিসের বর্তমান মেসিডোনিয়া ও থ্রেস অঞ্চলের কাভালা থেকে মুসলিম তুর্কিদের নিয়ে আসা হয়।
নতুন বাসিন্দারা অবশ্য কায়াকয়ে থাকতে খুব একটা আগ্রহী ছিলেন না। অল্প সময়ের মধ্যেই তাঁদের অনেকে অন্যত্র চলে যান। ফলে শহরটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে।
বর্তমানে শহরটির প্রবেশপথের কাছে ছোট একটি রেস্তোরাঁ চালান আয়সুন একিজের পরিবার। তাঁর দাদা-দাদি ছিলেন সেই সময়ের বাসিন্দাদের মধ্যে অন্যতম। পরিবারের কাছে সংরক্ষিত গল্প থেকে তিনি জানতে পেরেছেন, গ্রিক অধিবাসীরা নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চাননি। কেউ কেউ ফিরে আসার আশায় তুর্কি বন্ধুদের কাছে সন্তানদের রেখে গিয়েছিলেন। কিন্তু তাঁদের আর ফেরা হয়নি।
কায়াকয়ে একসময় প্রায় আড়াই হাজার বাড়ি ছিল। বাড়িগুলোর দেয়ালে নীল রং করা হতো, যা বিচ্ছু ও সাপ দূরে রাখে বলে বিশ্বাস করা হতো। এখনো কিছু দেয়ালে সেই রঙের চিহ্ন দেখা যায়। অধিকাংশ বাড়ির ছাদ ধসে পড়েছে। কোথাও কোথাও দেয়ালের ফাঁক গলে জন্মেছে গাছপালা।
বাড়িগুলোর নিচতলায় চামড়া প্রক্রিয়াজাত করার গর্ত ছিল। জুতা তৈরি ছিল এখানকার মানুষের অন্যতম পেশা। পানির সরবরাহব্যবস্থা না থাকায় গাধার পিঠে করে পানীয় জল নিয়ে আসতে হতো। বাড়িতে পানি সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল বিশেষ জলাধার।
শহরের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে বড় গির্জা, পাহাড়ের ওপরের ছোট গির্জা, পুরোনো স্কুল এবং প্রাচীন পানির ফোয়ারা। উঁচু পাহাড়ের গির্জা থেকে নীল এজিয়ান সাগরের অসাধারণ দৃশ্য দেখা যায়।
বর্তমানে কায়াকয় দেখতে পর্যটকদের প্রবেশমূল্য তিন ইউরো। শহরটি ঘুরে দেখতে অন্তত দুই ঘণ্টা সময় রাখা ভালো। তবে ভবনগুলো জরাজীর্ণ হওয়ায় ভেতরে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়।
১৯২০-এর দশকের ভূমিকম্প, ঝড় ও বৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হয়েছে শহরটির স্থাপনাগুলো। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে বেড়াতে আসা ইয়িগিত উলাস ওজতিমুরের ভাষায়, কায়াকয় তাঁদের অতীতের এক অন্ধকার প্রতিচ্ছবি।
আজও পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত বাড়িগুলো যেন এক হারিয়ে যাওয়া জনপদের গল্প বলে। কায়াকয় তাই শুধু পর্যটন আকর্ষণ নয়, ইতিহাসের এক বেদনাদায়ক স্মৃতিচিহ্ন।