মানুষ সহজাতভাবেই কৌতূহলী। নাগরিক জীবনের ব্যস্ততা ও কোলাহল আমাদের ঘিরে রাখলেও সেই কৌতূহল কোথা থেকে যেন মনের ভেতরে উঁকিঝুঁকি দেয়। অদেখা, অজানা বিষয়বস্তু, স্থান বা মানুষ সম্পর্কে জানা, দেখা ও উপলব্ধি করার এই চূড়ান্ত কৌতূহল আসলে মানুষের আদিম প্রবৃত্তি। আর আদিম বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দিগন্তবিস্তৃত পাহাড়, মেঘ, অরণ্য, জলাধার, ঝরনা বা প্রাচীন গুহা। প্রবৃত্তির টান আর কৌতূহলের তাড়না—এই দুইয়ের মিলনে মানুষ বারবার ফিরে যেতে চেয়েছে তার শিকড়ের কাছে, সেই আদি, অকৃত্রিম প্রকৃতির বুকে।
তবে বিপত্তিও আছে। আজকের এই যান্ত্রিক জীবনকে সচল রাখতে নগরসভ্যতার কার্পেট সারা জগৎজুড়ে নিবিড় প্রকৃতিকে ঢেকে ফেলেছে অজানা অন্ধকারে। আজকের দিনে মোবাইল ফোনের স্ক্রিনজুড়ে আমরা কত গন্তব্য দেখি—বিভিন্ন পর্যটনকেন্দ্র, নানান দর্শনীয় স্থান। কিন্তু কেন যেন মনে হয়, সেসব স্থানে গিয়েও মনের আশা বিশেষ মিটবে না।

তবে এমন জায়গা কি কাছেপিঠে কোথাও নেই? এইসব বিক্ষিপ্ত ভাবনা যখন মাথায় ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখন মনে হলো, নিজের দেশ বাংলাদেশের সীমান্ত পেরিয়ে আশপাশে একটু খুঁজে দেখা যেতে পারে। প্রতিবেশী ভারতে আমার ভ্রমণের অভিজ্ঞতা নতুন নয়, তবে এবার ভাবলাম, একটু অন্যরকম কিছু করা যাক। আর তারই ধারাবাহিকতায় আমার মন স্থির হয়ে গেল উত্তর-পূর্ব ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলের ওপর।
এর পেছনে মূলত দুটি কারণ ছিল। প্রথমটি হলো, উত্তর-পূর্ব ভারত সম্পর্কে আমার যথেষ্ট আগ্রহ থাকলেও আগে আমি এই অঞ্চলে কখনোই ভ্রমণ করিনি। দ্বিতীয়টি হলো, এই অঞ্চল নিয়ে তথ্য-উপাত্ত ঘাঁটাঘাঁটি করার সময় আমার মনে হয়েছিল, এখানে এমন অনেক জায়গা থাকতে পারে, যা এখনো পুরোপুরি মানুষের নাগালের মধ্যে আসেনি। অতএব, মন স্থির করে নিজের মাতৃভূমির সীমান্ত পেরিয়ে আমি ভারতে পা রাখলাম। উদ্দেশ্য, উত্তর-পূর্ব ভারতের কোনো কোণে এমন কোনো জায়গা অবশিষ্ট আছে কি না, যেখানে গেলে এখনো প্রকৃতির আদি রূপ প্রত্যক্ষ করা যাবে।


 

পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের যশোর থেকে আমি আমার ভ্রমণ শুরু করলাম। এরপর কলকাতায় কিছুদিন অবস্থান করে আবার যাত্রা শুরু করলাম উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ের উদ্দেশ্যে। সাধারণত যাঁরা এই অঞ্চলে বেড়াতে যান, তাঁরা আসামের গুয়াহাটি থেকে সরাসরি শিলংয়ে যান এবং শিলং থেকে বাকি স্থানগুলো ঘুরে দেখেন। তবে আমার মূল গন্তব্য ছিল চেরাপুঞ্জি বা সোহরা। তাই আমি শিলংয়ে অবস্থান না করে গুয়াহাটি থেকে সরাসরি চেরাপুঞ্জিতে চলে গেলাম।
চেরাপুঞ্জিতে প্রথম দুই দিন আমি প্রকৃতির এই অনবদ্য লীলাভূমি উপভোগ করছিলাম। সেভেন সিস্টার্স জলপ্রপাত, নোহকালিকাই জলপ্রপাত, মাওসমাই গুহা এবং আরওয়াহ গুহা, সঙ্গে স্থানীয় মানুষের শান্ত ও পরিচ্ছন্ন জীবনযাপন—সব মিলিয়ে আমার মন ও চোখকে কোনোভাবেই স্থির হতে দিচ্ছিল না। যেন প্রকৃতি তার সমস্ত শুদ্ধতা নিয়ে বহুকাল আমার জন্য এখানে প্রতীক্ষা করছিল। তবে যে প্রশ্ন মনে নিয়ে ঘর ছেড়েছিলাম, তখনো তার উত্তর খুঁজে চলেছিলাম। তবে কি এখানেও এমন কোনো স্থান নেই, যেখানে প্রকৃতির সেই প্রাচীন ও অবিকৃত রূপ আজও অক্ষুণ্ণ রয়েছে, যা এই আধুনিক সময়ে মানুষের চোখে সহজে ধরা দেয় না? সেই রূপকেই আমি ক্যামেরায় বন্দি করতে চেয়েছিলাম।

আর তাই সেই তুমুল উত্তেজনা বুকে নিয়ে ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলতে শুরু করলাম। উদ্দেশ্য একটাই—কোথাও এমন কোনো স্থান আজও অবশিষ্ট আছে কি না, তা জেনে নেওয়া। চেরাপুঞ্জিতে আসার দ্বিতীয় দিন সন্ধ্যায় আমার জন্য সেই সুযোগ তৈরি হলো। একটি চায়ের দোকানে চা পান করতে গিয়ে স্থানীয় একজন খাসি গাইডের সঙ্গে আমার পরিচয় হলো। তাঁর নাম অগাস্টিন। পাহাড়ের মতোই দিলখোলা মানুষ।
সেই খাসি গাইডের সঙ্গে নানা কথার ফাঁকে তিনি জানালেন, সেখানে এমন এক গিরিখাত আছে, যার খাঁজ বেয়ে নিচে নামলে চোখে পড়ে এক পাথুরে প্রান্তর। সেই পাথুরে প্রান্তরের বুক চিরে বয়ে চলেছে স্বচ্ছ, নীলাভ এক প্রাকৃতিক জলধারা। প্রকৃতির আপন খেয়ালে, ভূমির ঢাল আর শিলাস্তরের গড়নের কারণে সেই নীলাভ জলরাশি পাথুরে জমিনের খাঁজে খাঁজে থেমে থাকে, যেন পাহাড় তার বুকের গভীরে লুকিয়ে রেখেছে এক টুকরো গলে যাওয়া নীলকান্তমণি। শোনা যায়, ইচ্ছা হলে সেখানে নাকি সাঁতারও কাটা যায়। তবে সেখানে পৌঁছানোর পথ বেশ দুর্গম।
আমি মনে মনে জায়গাটির একটি ছবি আঁকার চেষ্টা করলাম। একই সঙ্গে আমার সমস্ত ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল, কারণ গিরিখাত ধরে এমন দুর্গম পথ কেবল ট্রেকিং করেই পাড়ি দেওয়া সম্ভব। সেই খাসি গাইডের সঙ্গে কথা বলে আমি তখনই সিদ্ধান্ত নিলাম, পরের দিন সকালেই ওই স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করব।
জানা গেল, এই পথ খুব একটা পরিচিত নয়। হাতে গোনা অল্প কিছু মানুষই এই পথ চেনেন। বিশেষত খাসি সম্প্রদায়ের মানুষেরাই এটি বেশি ব্যবহার করেন। আমি সাঁতার জানি, কিন্তু প্রকৃতির শক্তিকে সমীহও করি। তাই গাইডকে আগেই জানিয়ে রাখলাম, তিনি যেন একটি লাইফ জ্যাকেটের ব্যবস্থা করে রাখেন। কারণ, মোটামুটি মন স্থির করে ফেলেছিলাম, জায়গাটিতে পৌঁছতে পারলে ওই স্বচ্ছ জলরাশিতে অবশ্যই একটু সাঁতার কাটব।

০৭ অক্টোবর। পাহাড়ের গায়ে তখনো কুয়াশার চাদর জড়ানো। ভোরের সেই আধো-আলোয় সমস্ত প্রস্তুতি সেরে গাইড অগাস্টিনকে সঙ্গে নিয়ে আমি পথে নামলাম লাইতদু গ্রামের উদ্দেশ্যে। আমাদের প্রাথমিক গন্তব্য ছিল লাইতদু গ্রামের একেবারে শেষ প্রান্ত। গ্রামটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত। সোহরা বাজার থেকে সেটির দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। সকালের নরম আলোয় পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম। মেঘ আর কুয়াশা যেন চারপাশে মোহাচ্ছন্ন সাদা চাদর বিছিয়ে দিয়েছে।
এই পথে পর্যটকদের দেখা মেলে প্রায়ই, কারণ পথের ধারেই রয়েছে বেশ কয়েকটি পরিচিত জলপ্রপাত, বিশেষ করে ওয়েই সাওডং ও দাইনথলেন। এই অঞ্চলে বহু মানুষ এগুলো দেখতে আসেন, তাই এখানে পর্যটকদের ভিড় খুবই স্বাভাবিক। তবে আমার গন্তব্য ওগুলো ছিল না। আমি চলেছিলাম আদিম পৃথিবীর উদ্দেশ্যে, প্রকৃতির নিখুঁত কারুকাজকে কাছে থেকে দেখব বলে। বেশ কিছুক্ষণ পরে আমাদের গাড়িটি এসে থামল সেই লাইতদু গ্রামের শেষ প্রান্তে, যেখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং।
গাড়ির ডিকি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নামিয়ে, সবকিছু গুছিয়ে নিয়ে আমরা পা বাড়ালাম প্রকৃতির সেই অসামান্য সৌন্দর্যের দিকে। সামনে তখন পথ ডাকছে, আর পাহাড় যেন নীরবে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে। প্রথমেই আমাদের পাড়ি দিতে হলো এক বিস্তীর্ণ সমতল প্রান্তর। আর সেই প্রান্তরের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ফুটে রয়েছে অসংখ্য নাম না-জানা পাহাড়ি ফুল। বেশ অনেকক্ষণ হেঁটে আমরা পৌঁছালাম পাহাড়ের একেবারে কিনারায়, যেখান থেকে ট্রেকিং করে আমাদের নিচে নামতে হবে।
ট্রেকিং শুরু করতেই বুঝলাম, পাহাড় এখানে বেশ খাড়া। প্রতিটি পদক্ষেপে সতর্ক থেকে আমাদের একটু একটু করে নিচে নামতে হচ্ছিল। চারদিকে এমন এক নিস্তব্ধতা, যেখানে নিজের হৃদস্পন্দনও স্পষ্ট শোনা যায়। সেই নীরবতা ভেঙে কেবল ভেসে আসছিল পাহাড়ি কীটপতঙ্গের মৃদু গুঞ্জন, যেন অরণ্য নিজেই তার আদিম সুরে গুনগুন করে চলেছে।
এভাবে বেশ কিছুক্ষণ পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার পর আবারও পাওয়া গেল একটি উন্মুক্ত ভূমি। জায়গাটি মূলত অসমতল, আর চারদিকে মানুষসমান উঁচু ঘাস যেন সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো দুলছে। সেই ঘাসের গভীরে তিনজন খাসি মেয়ে দাঁড়িয়ে কী যেন সংগ্রহ করছিলেন। কৌতূহলী হয়ে আমি এগিয়ে গেলাম তাঁদের দিকে। কাছে গিয়ে জানলাম, এই ঘাসের ভেতরেই জন্ম নেয় এক বিশেষ ধরনের কীটপতঙ্গ, যার নাম ‘কিয়াং প্ল্যাং’। খাসিদের কাছে এটি এক পরম উপাদেয় খাদ্য। তাঁরা এটি স্যুপের সঙ্গে খান। আরেকটু এগোতেই চোখে পড়ল, দুজন খাসি মহিলা মাথায় জঙ্গলের কাঠের বোঝা নিয়ে ধীর পায়ে ঘরে ফিরছেন, যেন পাহাড়ের জীবনযাত্রার এক নিঃশব্দ ছবি। তাঁদের সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর, সামান্য যাত্রাবিরতি শেষে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে।
আরও কিছুক্ষণ ট্রেকিং করার পর হঠাৎ কানে ভেসে এল দূরের কোনো জলধারার উচ্ছ্বসিত কলরব। তখনো ঠিক অনুমান করে উঠতে পারিনি, আর মাত্র দশ মিনিট পরেই কী দৃশ্য আমার চোখের সামনে উন্মোচিত হতে চলেছে। সেই শব্দ অনুসরণ করে পাহাড়ের ঢাল বেয়ে একটু দ্রুত পায়েই এগিয়ে গেলাম।
তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। চোখের সামনে যা উন্মোচিত হলো, তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মনে হলো, পৃথিবীর সীমানা ছাড়িয়ে কোনো এক অলৌকিক, অসম্ভব সুন্দর জগতে এসে পড়েছি। চারদিকে ছোট-বড় নানা আকারের অসংখ্য পাথর, যেন কোনো প্রাগৈতিহাসিক শিল্পীর অসমাপ্ত ভাস্কর্য। সেই বৈচিত্র্যের সামনে প্রথম দু-এক মিনিট আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর শুধু নিজের হৃদস্পন্দন। অবাক হয়ে দেখলাম, সেই জনমানবহীন পাথুরে প্রান্তরে আমি আর আমার গাইড ছাড়া আর কেউ নেই। কোনো কোলাহল নেই, কোনো দূষণ নেই, যেন সময় এখানে বহু শতাব্দী ধরে থমকে দাঁড়িয়ে আছে।

তারই মাঝে বয়ে চলেছে স্বচ্ছ, নীল এক স্রোতধারা। শিলাস্তরের খাঁজে খাঁজে, এদিকে-ওদিকে ছড়িয়ে-ছিটিয়ে জমে আছে সেই জলরাশি, যেন পাথরের বুকে কেউ ছড়িয়ে দিয়েছে গলিত নীলকান্তমণি। অদ্ভুত তার রং, অদ্ভুত তার স্বচ্ছতা। এমন জলরাশি আমি আগে কখনো দেখিনি।
কিছুমাত্র দেরি না করে, কিছু না ভেবেই আমি নেমে পড়লাম শিলার খাঁজে জমে থাকা স্বচ্ছ নীল পানিতে। শরীরের ক্লান্তি তাতে নিমিষেই চলে গেল, মন হয়ে উঠল উজ্জীবিত। অনেকক্ষণ সাঁতার কাটলাম। এরপর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। মনের কোণে বারবার উঁকি দিচ্ছিল একটি প্রশ্ন—আর কি কখনো আসা হবে এখানে? সঙ্গে আরও একটি ভাবনা এসে ভিড় করল। আর যে রূপে এই নিভৃত জগৎ আমার সামনে দাঁড়িয়ে, সেই রূপ কি আগামী প্রজন্মের জন্যও এমনই অক্ষত থাকবে? আমরা যাঁরা এমন জায়গার খোঁজে ছুটে আসি, আমাদের পায়ের চিহ্ন কি একদিন এর নীল পানিতে কালি ছড়িয়ে দেবে?
হয়তো এই নিস্তব্ধ সৌন্দর্যের আসল প্রহরী এখানকার স্থানীয় মানুষেরাই। তাঁদের সচেতনতা আর নীরব গোপনীয়তার আড়ালেই এই জায়গাটি এতকাল সযত্নে লুকিয়ে ছিল, ঠিক যেমন মা তাঁর সন্তানকে আঁচলের আড়ালে আগলে রাখেন। কিন্তু সেই দায় কি শুধু তাঁদের একার? যে প্রাকৃতিক স্থান আমাদের এমন বিস্ময় উপহার দেয়, তাকে সুরক্ষিত রাখার দায় কি আমাদেরও নয়? এমন স্থান পৃথিবীতে খুব কমই মেলে, এটাই আমার বিশ্বাস। আর যা এত দুর্লভ, তাকে হারিয়ে ফেলার আগেই বাঁচিয়ে রাখার দায়িত্ব পৃথিবীর সব প্রকৃতিপ্রেমী মানুষের।
শেষে, ছবি তুলে আরও একবার সাঁতার কেটে আমি ফিরতি পথ ধরলাম। ট্রেকিং শেষ করে যখন ওপরে উঠে এলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে। সমস্ত অন্তরজুড়ে নিয়ে ফিরলাম একটিই প্রার্থনা: এই জায়গা যেন টিকে থাকে, আগামী দিনগুলোতেও যেন এমনই অম্লান থাকে, দূষণের কালিমা যেন কখনো তাকে স্পর্শ না করে। এই শুভকামনা মনে নিয়ে সেদিনের মতো আমি আমার যাত্রার ইতি টানলাম।

মোফরাদ হোসেন
লেখক ও আলোকচিত্রী
ফোন ০০৮৮০১৭১৬১২৭৮০৯
ই-মেইল: alindo2005@gmail.com