কক্সবাজারের পর্যটনকেন্দ্রিক কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সৈকত পাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন এলাকায় আগুন লেগে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আশপাশে একাধিক হোটেল ও রিসোর্ট থাকায় নিরাপত্তার আশঙ্কায় অনেকে দ্রুত হোটেল ও ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কলাতলীর সৈকত পাড়া সড়কের একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে সড়কে অবস্থান নেন।