দূরপাল্লার ফ্লাইটের সব শ্রেণির কেবিন আধুনিকায়নে ২ বিলিয়ন সিঙ্গাপুর ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ হাজার ৪৫০ কোটি টাকা (প্রায় ১৫৬ কোটি মার্কিন ডলার)।
এ বিনিয়েগের ফলে প্রথম, বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি— সব শ্রেণির আসন ও অভ্যন্তরীণ সাজসজ্জায় আসবে পরিবর্তন। খবর: ইনডিপেনডেন্ট।
২০২৭ সালের দ্বিতীয়ার্ধ থেকে নতুন কেবিন সুবিধা চালু হবে। এ জন্য এয়ারলাইনসটির ৪১টি এয়ারবাস এ৩৫০-৯০০ দীর্ঘপাল্লার উড়োজাহাজ আধুনিকায়ন করা হবে। পাশাপাশি নতুন বোয়িং ৭৭৭-৯ উড়োজাহাজেও থাকবে এই কেবিন সুবিধা।
সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, পাঁচ হাজারের বেশি নিয়মিত যাত্রীর মতামত নিয়ে নতুন কেবিনের নকশা করা হয়েছে। যাত্রীরা উড়োজাহাজে কীভাবে কাজ করেন, খাবার খান, বিশ্রাম নেন কিংবা ঘুমান—এসব বিষয় বিবেচনায় রাখা হয়েছে।
নতুন প্রজন্মের ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি আসনে জায়গা বাড়ানো হবে। পাশাপাশি আরাম ও বিনোদনের সুবিধাও উন্নত করা হবে। ইকোনমি শ্রেণির যাত্রীরা ভ্রমণের প্রয়োজনীয় কিছু সামগ্রীসহ সংগ্রহযোগ্য একটি ছোট ব্যাগ পাবেন।
প্রথম শ্রেণির যাত্রীদের জন্য থাকবে বাঁকানো স্লাইডিং দরজা, যা ব্যক্তিগত গোপনীয়তা বাড়াবে। পাশাপাশি থাকবে একসঙ্গে খাবার খাওয়ার ব্যবস্থা। মাঝের দুটি আসন রূপান্তর করা যাবে দুই আসনের সোফায়, যা পরে আকাশে থাকা সবচেয়ে বড় ডাবল বেডে পরিণত হবে বলে জানিয়েছে এয়ারলাইনসটি।
বিজনেস শ্রেণিতে ব্যক্তিগত জায়গা নিজের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি থাকবে সঙ্গীর সঙ্গে ঘুমানোর উপযোগী বিছানা। স্মার্ট কেবিন নিয়ন্ত্রণব্যবস্থা যাত্রীর পছন্দের আসন-সংক্রান্ত সেটিংস মনে রাখবে। প্রথম ও বিজনেস শ্রেণির যাত্রীরা পাবেন সুতির পায়জামা।
সব শ্রেণির কেবিনে যুক্ত হবে স্টারলিংক ওয়াই-ফাই, উন্নত ইন-ফ্লাইট বিনোদনব্যবস্থা ‘ক্রিসওয়ার্ল্ড’, ৪কে রেজল্যুশনের টাচস্ক্রিন এবং ব্যক্তিগত হেডফোন ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত করার সুবিধা। এ ছাড়া খাবারের তালিকায় যুক্ত হবে নতুন ১০০টি পদ।
৬ নভেম্বর এই বিনিয়োগের ঘোষণা দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইনস জানিয়েছে, পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উন্নত করার বৃহত্তর পরিকল্পনার অংশ এটি।
এয়ারলাইনসটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা লি লিক সিন বলেন, প্রতিটি শ্রেণির কেবিন আলাদাভাবে নকশা করা হলেও লক্ষ্য একটাই—যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক, নমনীয় ও উপভোগ্য করা।