সুন্দরবনে পর্যটক নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাতক্ষীরা রেঞ্জে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে বন বিভাগ। তবে এক দিনের ভ্রমণ আগের নিয়মেই চালু রয়েছে। এ সিদ্ধান্তে আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকেরা অনিশ্চয়তায় পড়েছেন। পাশাপাশি কর্মহীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় ট্রলারমালিক, শ্রমিক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে।
গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে এসে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। বন বিভাগ ও কোস্টগার্ডের টানা উদ্ধার অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই দেওয়া হচ্ছে।
এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন আগে থেকে দুই বা তিন দিনের সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকেরা। এক দিনে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা কঠিন হওয়ায় অনেকে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন কিংবা বাতিলের কথা ভাবছেন।
অন্যদিকে, তিন দিনের ভ্রমণের ওপর নির্ভরশীল ট্রলারমালিক ও শ্রমিকদের আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কদমতলার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তের প্রভাব নিয়ে উদ্বিগ্ন।
মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। তবে এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ কারণে ভ্রমণের অনুমতি বন্ধ করা হলে তাঁদের কিছু করার নেই। বুধবার মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির মালিক ও শ্রমিকেরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে বিভাগীয় বন কর্মকর্তার কাছে যাবেন।
বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রয়েছে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মে চালু থাকবে। এ নিষেধাজ্ঞার বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।
নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। বন বিভাগ ও পর্যটন পরিচালনাকারীদের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক মাহিত আব্দুল্লাহ। এর আগে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলেও ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবির ঘটনা ঘটে।