রাত তিনটা। চারদিকে দিনের মতো আলো। কেউ সমুদ্রের ধারে হাঁটছেন, কেউ মাছ ধরছেন, আবার কেউ বাড়ির কাজ করছেন। অথচ ঘড়ির কাঁটা বলছে গভীর রাত। নরওয়ের উত্তরাঞ্চলের ছোট্ট দ্বীপ সোমারয়ে গ্রীষ্মকালে এমন দৃশ্যই স্বাভাবিক। এখানে টানা প্রায় ৬৯ দিন সূর্য অস্ত যায় না। প্রকৃতির এই ব্যতিক্রমী বৈশিষ্ট্য থেকেই একসময় দ্বীপটিকে বিশ্বের প্রথম ‘সময়মুক্ত অঞ্চল’ হিসেবে গড়ে তোলার প্রচারণা শুরু হয়েছিল। কিন্তু সত্যিই কি সেখানে ঘড়ির নিয়ম চলে না?

যে দ্বীপে রাতেও থাকে দিনের আলো

নরওয়ের উত্তরাঞ্চলে ট্রমসো শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার পশ্চিমে, আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত সোমারয়। প্রায় ৩০০ মানুষের বসবাসের এই দ্বীপটি সমুদ্র, পাহাড়, ফিয়র্ড ও সাদা বালুর সৈকতে ঘেরা।

প্রতিবছর ১৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। প্রাকৃতিক এই ঘটনাকে বলা হয় মধ্যরাতের সূর্য। ফলে রাতেও আকাশ আলোকিত থাকে। চাইলে পর্যটকেরা গভীর রাতেও সমুদ্রতীরে হাঁটতে, সাঁতার কাটতে কিংবা ছবি তুলতে পারেন।

শীতকালে চিত্রটি সম্পূর্ণ বিপরীত। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কয়েক সপ্তাহ সূর্য দিগন্তের ওপরে ওঠে না। দীর্ঘ অন্ধকারের এই সময়ে মেরুজ্যোতি বা নর্দান লাইটস দেখার আশায় পর্যটকেরা দ্বীপটিতে আসেন।

সময়মুক্ত অঞ্চল হওয়ার আলোচিত প্রচারণা

২০১৯ সালে সোমারয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় আসে। তখন দ্বীপটির কয়েকজন বাসিন্দা গ্রীষ্মের দীর্ঘ আলোকিত দিনগুলোতে ঘড়ির প্রচলিত সময়ের বাধ্যবাধকতা থেকে মুক্ত থাকার ধারণা সামনে আনেন। তাঁদের লক্ষ্য ছিল সোমারয়কে বিশ্বের প্রথম ‘সময়মুক্ত অঞ্চল’ হিসেবে পরিচিত করা।

এই উদ্যোগের অন্যতম প্রচারক ছিলেন স্থানীয় বাসিন্দা কিয়েল ওভে হভেডিং। প্রচারণার প্রতীক হিসেবে দ্বীপের প্রবেশসেতুতে ঘড়ি ঝুলিয়ে রাখা হয়েছিল।

তবে ২০২৬ সালের ২৩ অক্টোবর প্রকাশিত বিবিসি ট্রাভেলের প্রতিবেদনে সাংবাদিক অ্যান্থনি হ্যাম জানান, প্রচারণাটি পুরোপুরি স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উদ্যোগ ছিল না। নরওয়ের পর্যটন প্রচারকারী সরকারি সংস্থা ইনোভেশন নরওয়ে এর পেছনে ভূমিকা রেখেছিল। স্থানীয়দের কেউ কেউ এতে অংশ নিলেও অনেকে বিষয়টি সম্পর্কে জানতেন না। পরে সংস্থাটির প্রধান প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং সেতু থেকে ঘড়িগুলো সরিয়ে নেওয়া হয়।

পর্যটকদের জন্য কেমন সোমারয়

ট্রমসো থেকে বাসে প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের যাত্রায় সেতু ও ফিয়র্ড পেরিয়ে সোমারয়ে পৌঁছানো যায়। দ্বীপটির আকর্ষণ শুধু মধ্যরাতের সূর্য নয়। এখানে রয়েছে মনোরম সৈকত, মাছ ধরার গ্রাম, পাহাড়ি দৃশ্য এবং নিরিবিলি উপকূল।

বিবিসি ট্রাভেলের প্রতিবেদনে অ্যান্থনি হ্যাম তাঁর ভ্রমণ অভিজ্ঞতায় জানান, রাত সাড়ে তিনটায় দ্বীপের নির্জন রাস্তায় হাঁটার সময়ও মাথার ওপর উজ্জ্বল সূর্য দেখতে পেয়েছিলেন। চারদিকে ছিল নিস্তব্ধতা, সমুদ্রের ধারে উড়ছিল পাখি। অথচ পরিবেশ দেখে রাত বলে বোঝার উপায় ছিল না।

গ্রীষ্মে স্থানীয়দের জীবনযাত্রাও কিছুটা শিথিল হয়ে আসে। কাজের ফাঁকে মাছ ধরতে যাওয়া, ছুটির দিনে শিশুদের রাত জেগে খেলা কিংবা সুবিধামতো বাইরের কাজ করার সুযোগ থাকে। তবে দ্বীপে স্কুল, দোকান, হোটেল ও অন্যান্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়সূচি এখনো চালু রয়েছে।

প্রকৃতির সঙ্গে সময়ের নতুন অভিজ্ঞতা

সোমারয়কে আনুষ্ঠানিকভাবে সময়মুক্ত অঞ্চল করা হয়নি। দ্বীপটির মানুষও ঘড়ির ব্যবহার বন্ধ করেননি। তবে গ্রীষ্মের দীর্ঘ দিনের আলো তাঁদের দৈনন্দিন জীবনে বাড়তি স্বাধীনতা এনে দেয়।

পর্যটকদের জন্য সোমারয়ের বিশেষত্ব এখানেই। মধ্যরাতে সূর্যের আলোয় সমুদ্রতীরে হাঁটা, নির্জন উপকূল উপভোগ করা কিংবা শীতের আকাশে মেরুজ্যোতি দেখা, সব মিলিয়ে দ্বীপটি উত্তর নরওয়ের এক ব্যতিক্রমী ভ্রমণগন্তব্য।

তথ্যসূত্র: অ্যান্থনি হ্যাম, ‘ইট ওয়াজ আ ফান আইডিয়া: দ্য নরওয়েজিয়ান আইল্যান্ড দ্যাট ওয়ান্টেড টু অ্যাবোলিশ টাইম’, বিবিসি ট্রাভেল, ২৩ অক্টোবর ২০২৬।