কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে। চলতি মৌসুমে জাহাজ চলাচল শুরুর পর শুক্রবার (১৩ নভেম্বর) এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ জন পর্যটক দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করেছেন। ছুটির দিনকে কেন্দ্র করে পর্যটকদের এই আগমন মৌসুমের শুরুতেই দ্বীপটির পর্যটন ব্যবসায় নতুন আশার সঞ্চার করেছে।

শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে চারটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুরে দ্বীপে পৌঁছানোর পর এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করে জাহাজগুলো বিকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। রাতে সেগুলোর ফিরে আসার কথা রয়েছে।

এদিন প্রথমবারের মতো যাত্রী নিয়ে যাত্রা করে ৬০০ আসনের এমভি মালঞ্চ। জাহাজটিতে ছিলেন ২৪২ জন পর্যটক। এ ছাড়া ৮৫০ আসনের এমভি বারো আউলিয়ায় ৫৯৩ জন, ৭৩২ আসনের কর্ণফুলী এক্সপ্রেসে ৫০০ জন এবং ৭৩২ আসনের এমভি টেকনাফে ৪১৯ জন পর্যটক ভ্রমণ করেন।

৩৪৬ আসনের কেয়ারি সিন্দাবাদসহ পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। তবে জাহাজটি এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। দৈনিক ৩ হাজার ৫০০ পর্যটক যাওয়ার অনুমতি থাকলেও পাঁচটি জাহাজের সম্মিলিত আসনসংখ্যা ৩ হাজার ২৪৪।

এমভি মালঞ্চের পরিচালক আব্দুস সাত্তার জয় বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন করেই জাহাজটির যাত্রী পরিবহন শুরু হয়েছে। মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখার আশা করছেন তারা।

দীর্ঘ সমুদ্রযাত্রা ও জাহাজভাড়া নিয়ে কিছু পর্যটকের অসন্তুষ্টি থাকলেও সেন্টমার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে অনেকে উচ্ছ্বসিত। মাদারীপুরের কালকিনি থেকে আসা সৈয়দুল হক পরিবারের সদস্যদের নিয়ে প্রথমবারের মতো দ্বীপটি ভ্রমণ করছেন। তার কাছে সমুদ্রযাত্রার অভিজ্ঞতাও রোমাঞ্চকর।

অন্যদিকে সিরাজগঞ্জের পর্যটক ওসমান আলী বলেন, ৬ থেকে ৭ ঘণ্টা সমুদ্রপথ পাড়ি দেওয়া কিছুটা ক্লান্তিকর। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসার সুযোগ ছিল। এখন সেই সুযোগ নেই। জাহাজভাড়াও কিছুটা বেশি।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, নভেম্বরের শুক্র ও শনিবার পর্যটকের উপস্থিতি ভালো। অগ্রিম বুকিংয়ের পরিস্থিতি বিবেচনায় ডিসেম্বর থেকে প্রতিদিন নির্ধারিত পর্যটক কোটা পূর্ণ হওয়ার আশা করছেন তারা।

সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় ৫ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। ডিসেম্বরের জন্য প্রায় সব হোটেল ও রিসোর্টের অগ্রিম বুকিং হয়ে গেছে। জানুয়ারিতেও পর্যটকের ভালো সমাগম হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

পর্যটকদের জন্য যেসব নিয়ম মানতে হবে

চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হচ্ছে। পাশাপাশি ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। এসব ব্যবস্থার উদ্দেশ্য পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং দ্বীপের পরিবেশ সুরক্ষা।

রাতের বেলায় সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও করা যাবে না।

এ ছাড়া সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদের ক্ষতি করা যাবে না।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময়ে দ্বীপে রাত্রিযাপনেরও সুযোগ রয়েছে।