সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় ছেঁড়াদিয়ায় পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিদিনই সেখানে যাচ্ছেন পর্যটকেরা। কেউ হেঁটে, কেউ ইজিবাইক, মোটরসাইকেল ও বাইসাইকেলে করে পৌঁছাচ্ছেন দ্বীপটির দক্ষিণ প্রান্তে। তাঁদের অবাধ চলাচলে বালুচরের লাল কাঁকড়া, শামুক ও ঝিনুক পিষ্ট হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল, শৈবালসহ সামুদ্রিক জীববৈচিত্র্য।
পর্যটকদের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবীরা কাজ করলেও প্রয়োজনের তুলনায় জনবল কম। ফলে নিষেধাজ্ঞা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে।
বঙ্গোপসাগরের বুকে প্রায় আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। ১৯৯৯ সালে জীববৈচিত্র্য, সামুদ্রিক প্রবাল ও কচ্ছপের প্রজননক্ষেত্র রক্ষায় পুরো দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেন্ট মার্টিনে প্রবাল, শৈবাল, কাছিম, শামুক, ঝিনুক, সামুদ্রিক মাছ, পাখি ও কাঁকড়াসহ ১ হাজার ৭৬ প্রজাতির জীববৈচিত্র্য রয়েছে। এসব সংরক্ষণে প্রবাল-পাথর সংগ্রহ, কেয়াবন ধ্বংস এবং পরিবেশদূষণকারী বর্জ্য ফেলা নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে ছেঁড়াদিয়ায় যাতায়াত
সম্প্রতি দ্বীপে গিয়ে দেখা যায়, পর্যটকদের একটি অংশ সকালে ইজিবাইক, ভাড়ায় নেওয়া মোটরসাইকেল ও বাইসাইকেলে করে দক্ষিণাংশের দিয়ারমাথা সৈকতে যাচ্ছেন। সেখান থেকে হেঁটে কিংবা বিভিন্ন যানবাহনে মাঝরদিয়া হয়ে ছেঁড়াদিয়ায় পৌঁছাচ্ছেন তাঁরা।
দিয়ারমাথা সৈকতে পরিবেশ অধিদপ্তরের চারজন স্বেচ্ছাসেবী পর্যটকদের ছেঁড়াদিয়ায় যেতে নিষেধ করছেন। সৈকতের প্রায় আধা কিলোমিটার এলাকায় টাঙানো হয়েছে লাল নিশান। এরপরও অনেকে নির্দেশনা মানছেন না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা বলেন, সেন্ট মার্টিনে নেমেই পর্যটকেরা ছেঁড়াদিয়ার দিকে ছুটছেন। বাধা দিলে অনেকে মারমুখী আচরণ করেন। পর্যটকেরা প্লাস্টিকের বোতলের ভেতরে লুকিয়ে শামুক-ঝিনুক নিয়ে আসেন। প্রতিদিন এসব উদ্ধার করা হচ্ছে। তবে জরিমানা করা যাচ্ছে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক ও কোস্টগার্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের স্বেচ্ছাসেবকদের সুপারভাইজার আবদুল আজিজ জানান, ১০ জন স্বেচ্ছাসেবী দ্বীপের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে চারজন জেটিতে, চারজন দিয়ারমাথায় এবং দুজন পূর্ব সৈকতে রয়েছেন। প্রতিদিন প্রায় দুই হাজার পর্যটকের যাতায়াতের বিপরীতে এই জনবল দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন।
পর্যটকের চাপ বাড়ায় পরিবেশের ঝুঁকি
চলতি মৌসুমে ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটকের যাতায়াত ও রাতযাপনের সুযোগ রয়েছে। পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে ৫ নভেম্বর। বর্তমানে তিনটি জাহাজে প্রতিদিন গড়ে দুই হাজার পর্যটক দ্বীপে যাতায়াত করছেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দ্বীপে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ২৩০টির বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। এসব স্থানে জেনারেটরের শব্দ ও রাতের কৃত্রিম আলো সামুদ্রিক কাছিমের প্রজননে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু রিসোর্ট ও কটেজের মালিক বর্জ্য সরাসরি সাগরে ফেলছেন বলেও অভিযোগ রয়েছে।
পরিবেশবিষয়ক সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির কক্সবাজারের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল বলেন, টানা ৯ মাস পর্যটক যাতায়াত বন্ধ থাকায় দ্বীপের পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছিল। এখন পর্যটকদের ভিড় ও বিধিনিষেধের যথাযথ বাস্তবায়ন না হলে প্যারাবন, কেয়াবন, প্রবাল ও শৈবাল আবারও ক্ষতিগ্রস্ত হবে।
সেন্ট মার্টিনের সাবেক দুই ইউপি চেয়ারম্যান নুর আহমদ ও মুজিবুর রহমান বলেন, ঝড় ও জলোচ্ছ্বাস থেকে দ্বীপকে রক্ষায় কেয়াবন ও নারকেলগাছ প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এসব গাছপালা ধ্বংস হওয়ায় সৈকতের বালিয়াড়ি ধসে পড়ছে এবং নারকেলগাছ উপড়ে যাচ্ছে।
সরকারের ১২ দফা নির্দেশনায় ছেঁড়াদিয়ায় যাতায়াত, সৈকতে মোটরচালিত যানবাহন চলাচল, কেয়াবনে প্রবেশ, প্রবাল ও সামুদ্রিক প্রাণীর ক্ষতি, পলিথিন বহন এবং একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত বা নিষিদ্ধ করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পর্যটকদের গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। ছেঁড়াদিয়ায় পর্যটকদের প্রবেশ ঠেকাতে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।