যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশজুড়ে চার ঘণ্টার বেশি সময় উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ ছিল। এতে ৬ হাজার ৬০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর আবার ফ্লাইট চলাচল শুরু হলেও যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কাটতে আরও সময় লাগবে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন স্থগিতের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

কেন বন্ধ হয়েছিল উড়োজাহাজ চলাচল?

যুক্তরাষ্ট্রের ২২টি আকাশপথ নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগের সমস্যা দেখা দেওয়ায় বিকেল ৩টা ৫৪ মিনিটে দেশজুড়ে ফ্লাইট উড্ডয়ন স্থগিত করে এফএএ। বিমানবন্দরে অপেক্ষমাণ অধিকাংশ উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখা হয়। তবে আগে থেকেই আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে অবতরণ করে। কিছু জরুরি ও আন্তর্জাতিক ফ্লাইটকে ছাড় দেওয়া হয়েছিল।

পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, যোগাযোগব্যবস্থা স্থিতিশীল করার কাজ চলার সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রযুক্তিগত ত্রুটির কারণ কী?

পরিবহনমন্ত্রী শন ডাফি পুরোনো যোগাযোগপ্রযুক্তিকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে সুইচ ও রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং অসংগতিপূর্ণ তথ্য দিতে শুরু করে। ফলে রাডার ও যোগাযোগব্যবস্থাও অস্থিতিশীল হয়ে ওঠে।

যন্ত্রপাতির ত্রুটি শনাক্ত করে সেবা পুনরায় চালু করা হলেও অতিরিক্ত তথ্যের চাপ কেন তৈরি হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাইবার হামলার ঘটনা কি ছিল?

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সাইবার হামলা বা নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত চলমান থাকায় এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি কর্মকর্তারা।

কত ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে?

বিজনেস ইনসাইডারের প্রকাশিত ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত ৬ হাজার ৬০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের কারণে আন্তর্জাতিক রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

কেন এখনো স্বাভাবিক হয়নি ফ্লাইট চলাচল?

উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও সব উড়োজাহাজ ও ক্রুকে তাৎক্ষণিকভাবে নির্ধারিত অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব হয় না। দীর্ঘ বিলম্বে উড়োজাহাজ অন্য বিমানবন্দরে আটকে পড়তে পারে। পাশাপাশি পাইলট ও কেবিন ক্রুদের নির্ধারিত কর্মঘণ্টা শেষ হয়ে যাওয়ায় নতুন করে সূচি সাজাতে হয়।

শন ডাফি জানিয়েছেন, ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। তিনি যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন।

আগেও কি এমন ঘটনা ঘটেছে?

যুক্তরাষ্ট্রজুড়ে একযোগে উড্ডয়ন স্থগিতের ঘটনা বিরল। ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর নোটিস টু এয়ার মিশনস ব্যবস্থায় ত্রুটির কারণে দুই ঘণ্টারও কম সময় অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ছিল। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছিল।

এরপর কী পদক্ষেপ নেওয়া হবে?

এফএএ এখনো ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে বাড়তি অর্থ বরাদ্দের উদ্যোগ নিয়েছে।

পুরোনো প্রযুক্তির কারণে ভবিষ্যতে আরও বিপর্যয়ের আশঙ্কা জানিয়ে পরিবহনমন্ত্রী শন ডাফি এ খাতের উন্নয়নে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন।