ইউরোপের একেক দেশে সামাজিক শিষ্টাচার ও আচরণবিধি একেক রকম। কোথাও কারও সঙ্গে দেখা হলে গালে চুমু দেওয়া প্রচলিত, আবার কোথাও এ ধরনের অভিবাদন পছন্দ করেন না মানুষ। কারও বাড়িতে গেলে জুতা খুলে রাখা, উপহার নিয়ে যাওয়া কিংবা খাবার শেষ করার মতো বিষয়েও রয়েছে ভিন্ন সংস্কৃতি। খবর: ইউরো নিউজ
সম্প্রতি অনলাইন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান প্রিপলি ইউরোপের সামাজিক শিষ্টাচার নিয়ে একটি গবেষণা চালিয়েছে। ২৭টি দেশের ১ হাজার ৬০০ বাসিন্দার ওপর জরিপ এবং বিভিন্ন উন্মুক্ত তথ্য বিশ্লেষণ করে উঠে এসেছে ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
অভিবাদনে সতর্কতা: ইউরোপীয়দের মধ্যে গালে চুমু দিয়ে অভিবাদনের প্রচলন থাকলেও এটি সব জায়গায় গ্রহণযোগ্য নয়। জরিপে অংশ নেওয়া ৮৫ শতাংশ মানুষ জানিয়েছেন, অন্য ব্যক্তি আগে উদ্যোগ না নিলে তাঁরা দুই গালে চুমু দিয়ে অভিবাদন করতে চান না। ডেনমার্ক, এস্তোনিয়া, সুইডেন ও স্লোভেনিয়ায় অনেকে এ ধরনের অভিবাদন একেবারেই পছন্দ করেন না।
বাড়িতে জুতা খোলা: ইউরোপের ২৭টি দেশের মধ্যে ২৪টিতে অধিকাংশ মানুষ অন্যের বাড়িতে প্রবেশের সময় জুতা খুলে রাখেন। সুইডেনে জরিপে অংশ নেওয়া সবাই এটিকে বাধ্যতামূলক বলেছেন। তবে স্পেন, ইতালি ও পর্তুগালে ঘরের ভেতরে জুতা পরে থাকার প্রবণতা বেশি।
উপহার নিয়ে যাওয়া: কারও বাড়িতে বেড়াতে গেলে উপহার নিয়ে যাওয়াকে অর্ধেকের বেশি উত্তরদাতা সাধারণ শিষ্টাচার মনে করেন। ২৭টি দেশের মধ্যে ১৭টির মানুষ বন্ধুর বাড়িতে গেলে ফুলের তোড়া বা এক বোতল ওয়াইন নিয়ে যেতে পছন্দ করেন। তবে অনেকে বিশেষ উপলক্ষ ছাড়া উপহার দেন না।
খাবার শেষ করা: ইউরোপের ২৭টি দেশেই খাবার শেষ করাকে আতিথেয়তার প্রতি সম্মান প্রদর্শন হিসেবে দেখা হয়। জরিপে ৮২ শতাংশ পুরুষ ও ৭৫ শতাংশ নারী জানিয়েছেন, তাঁরা সব সময় খাবার শেষ করেন।
সময় মেনে চলা: ২৭টি দেশের মধ্যে ২৩টির মানুষ নির্ধারিত সময়ে পৌঁছানোকে পছন্দ করেন। তবে চেকিয়া, জার্মানি, পোল্যান্ড ও ফ্রান্সে আগে পৌঁছানোর প্রবণতা বেশি। জরিপে দেখা গেছে, অবিবাহিত ব্যক্তিদের দেরিতে পৌঁছানোর প্রবণতা অন্যদের তুলনায় দ্বিগুণ।
গবেষণাটি বলছে, ইউরোপ ভ্রমণে শুধু দর্শনীয় স্থান সম্পর্কে জানাই যথেষ্ট নয়, স্থানীয় মানুষের সংস্কৃতি ও সামাজিক শিষ্টাচার সম্পর্কে ধারণা রাখাও গুরুত্বপূর্ণ।