বাণিজ্যিক উড়োজাহাজের দীর্ঘতম উড্ডয়ন দূরত্বের বিশ্ব রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্তাসের একটি উড়োজাহাজ। এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআর মডেলের উড়োজাহাজটি একটানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে ১২ হাজার ৫০৩ নটিক্যাল মাইল বা প্রায় ২৩ হাজার ১৫৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট লিখেছে, গত ২৭ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ২৭ মিনিটে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ফ্রান্সের তুলুজের উদ্দেশে যাত্রা শুরু করে উড়োজাহাজটি। প্রশান্ত মহাসাগর পেরিয়ে উত্তর আমেরিকার ওপর দিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে ইউরোপে পৌঁছায় এটি। পরীক্ষামূলক এই উড্ডয়নে ১৩ জন পাইলট ও প্রকৌশলী ছিলেন।
কান্তাসের ‘প্রজেক্ট সানরাইজ’ কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয়েছে এই ফ্লাইট। এর লক্ষ্য সিডনি থেকে লন্ডন ও নিউইয়র্কে বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট চালু করা। ২০২৭ সালের অক্টোবরে সিডনি-লন্ডন রুটে পরিষেবা শুরুর পরিকল্পনা রয়েছে। প্রায় ১০ হাজার ৫৭৩ মাইলের এই যাত্রা হবে বিশ্বের দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক ফ্লাইট।

প্রজেক্ট সানরাইজের জন্য কান্তাস ১২টি এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজের অর্ডার দিয়েছে। প্রথম উড়োজাহাজটি আগামী বছরের এপ্রিলে সরবরাহের কথা রয়েছে।
বর্তমানে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে সিঙ্গাপুর এয়ারলাইনস। তাদের সিঙ্গাপুর-নিউইয়র্ক রুটে যাত্রায় সময় লাগে প্রায় ১৮ ঘণ্টা।