যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ের প্রভাব রোববারও অব্যাহত রয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, রোববার গভীর রাতের আগে ফ্লাইট চলাচল স্বাভাবিক সূচিতে ফিরে আসার সম্ভাবনা কম। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীদের আরও ভোগান্তিতে পড়তে হতে পারে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। রোববারের জন্যও ইতোমধ্যে ৮৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে শুক্রবার দেশজুড়ে প্রায় ৯ হাজার ২০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৫০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছিল। ফলে কয়েক দিনের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী বিমান ভ্রমণে অনিশ্চয়তা ও সময়সূচির জটিলতায় পড়েছেন।

এফএএ শুক্রবার নিয়মিত রক্ষণাবেক্ষণকাজে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল। এর ফলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত থাকে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে এটিই ছিল সবচেয়ে দীর্ঘস্থায়ী দেশব্যাপী ফ্লাইট কার্যক্রম বন্ধের ঘটনা।

শনিবার এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, বিমান চলাচল ব্যবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। রোববার রাতের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিসের একটি দূরবর্তী কেন্দ্রে অন্তত একটি নতুন রাউটার স্থাপনের পর এই বিপর্যয়ের সূত্রপাত হয়। তবে ত্রুটিটি যন্ত্রের কারণে, নাকি রাউটার স্থাপনের সময় কোনো কারিগরি ভুলের কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এফএএর নিরাপত্তাকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠন প্রফেশনাল অ্যাভিয়েশন সেফটি স্পেশালিস্টস জানিয়েছে, শুক্রবার হালনাগাদ করা দুটি রাউটারের সঙ্গে সমস্যাটির সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে, রাউটার দুটি আরকানসাস ও টেক্সাসে অবস্থিত ছিল।

এলথ্রিহ্যারিস জানিয়েছে, তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তদন্তে এফএএকে সহযোগিতা করছে।