পর্যটকদের বিনোদন, সাংস্কৃতিক আয়োজন ও অ্যাডভেঞ্চারের সমন্বয়ে কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসের বর্ণাঢ্য পর্যটন উৎসব। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। পর্যটকদের অবস্থানকাল বাড়ানো, পর্যটনশিল্পের বিকাশ এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক প্রেস মিটে এসব তথ্য জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম বলেন, বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত হিসেবে পরিচিত কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। বিনোদন, সংস্কৃতি, খেলাধুলা, অ্যাডভেঞ্চার ও জ্ঞানচর্চার সমন্বয়ে সাজানো হচ্ছে উৎসব প্রাঙ্গণ। এতে দেশি-বিদেশি পর্যটকের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নিতে পারবেন।
কার্নিভাল প্রাঙ্গণে পর্যটকদের জন্য থাকছে ১৫টি বিশেষ জোন। এর মধ্যে ওয়েলনেস জোনে শারীরিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা, এক্সপেরিয়েন্স জোনে রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং ক্যাম্পিং জোনে সমুদ্রের কাছাকাছি রাতযাপনের সুযোগ থাকবে।
ওপেন থিয়েটার জোনে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত পাঠাগার ও দূরবীক্ষণ জোনে বই পড়া এবং রাতের আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। মার্কেট জোনে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রি এবং প্রদর্শনী জোনে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন আয়োজন থাকবে।
শিশু-কিশোরদের জন্য থাকছে শিশুদের বিনোদন ও গেমিং জোন। খাবারের জোনে কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন পদ পাওয়া যাবে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য গো-কার্টিং, সমুদ্রসৈকতভিত্তিক খেলাধুলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা রাখা হচ্ছে।
এ ছাড়া উন্মুক্ত মঞ্চে দেশীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, বালু ভাস্কর্য জোনে দেশি-বিদেশি শিল্পীদের তৈরি ভাস্কর্য এবং শিল্পকলা জোনে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সমুদ্রের দৃশ্য উপভোগের সুযোগসহ বারবিকিউ জোন।
সৈকতকেন্দ্রিক আয়োজনের পাশাপাশি হোটেল শৈবালের অভ্যন্তরে পুকুরের চারপাশেও থাকছে দৃষ্টিনন্দন সাজসজ্জা ও বিনোদনমূলক কার্যক্রম।
আয়োজকরা জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী কার্নিভাল বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডকে। আগামী ২২ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর প্রত্যাশা রয়েছে তাদের।
আয়োজকদের মতে, কক্সবাজারে পর্যটকদের আগমন বাড়লেও অনেকেই স্বল্প সময় অবস্থান করে ফিরে যান। বৈচিত্র্যময় বিনোদন ও পর্যটন অভিজ্ঞতার সুযোগ তৈরি হলে পর্যটকদের অবস্থানকাল বাড়বে। এর ফলে হোটেল-মোটেল, রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
তারা আশা করছেন, এ আয়োজন পর্যটন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে কক্সবাজারের পরিচিতি বাড়াতে ভূমিকা রাখবে।
প্রেস মিটে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর, কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কার্নিভাল সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, পর্যটন ব্যবসায়ী ও কক্সবাজারের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।