বাংলাদেশের পর্যটন অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন গন্তব্যের পরিচিতি বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যটন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম। একই সঙ্গে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত সপ্তম বিশ্বব্যাপী আকাশ পরিবহন সম্মেলনের সাইডলাইনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইসের দ্বিপক্ষীয় বৈঠকে এসব আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরার জন্য ইউএন ট্যুরিজমের মহাসচিবকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশের পর্যটন অবকাঠামোর উন্নয়ন এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী বাংলাদেশের পর্যটনের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে পারে। এসব বৈচিত্র্যময় আকর্ষণ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।

জবাবে ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি ২০২৭ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠেয় বিশ্ব পর্যটন শিল্প সম্মেলনে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন তিনি। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজম প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রী বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে শাইখা আল নুয়াইস বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।