এক সময় ওরেগনকে বলা হতো “স্বপ্নের ভূমি”। ১৯ শতকে প্রায় পাঁচ লাখ মানুষ গরুর গাড়িতে চড়ে এখানে এসেছিল নতুন জীবনের আশায়। দুই শতক পরেও যুক্তরাষ্ট্রের এই প্রশান্ত মহাসাগরীয় রাজ্যটি রোমাঞ্চপ্রেমীদের জন্য ঠিক ততটাই আকর্ষণীয়। প্রায় ৩৭০ মাইল দীর্ঘ উপকূল, আগ্নেয়গিরি, হাই ডেজার্ট, গভীর ক্যানিয়ন আর ৭০০টির বেশি ওয়াইনারি নিয়ে ওরেগন যেন প্রকৃতির খোলা জাদুঘর।
যুক্তরাষ্ট্রের যেকোনো রাজ্যের তুলনায় ওরেগনে সবচেয়ে বেশি সিনিক বাইওয়ে রয়েছে। মোট ২৯টি নির্ধারিত রুট ধরে গাড়ি চালালেই বদলে যেতে থাকে দৃশ্যপট। কখনো নীলাভ ক্রেটার লেক, কখনো আগ্নেয় পাহাড়ের ঢাল, আবার কখনো সমুদ্রঘেঁষা পাহাড়ি রাস্তা। সেই অভিজ্ঞতার স্বাদ দিতে ওরেগনের ছয়টি সবচেয়ে দর্শনীয় ড্রাইভ রুট তুলে ধরা হলো।
১. ভিনইয়ার্ড অ্যান্ড ভ্যালি ট্যুর রুট
উত্তর-পশ্চিম ওরেগনের এই ৬০ মাইলের রুটটি সবুজ দ্রাক্ষাক্ষেত, হ্যাজেলনাট বাগান আর বেরি ফার্মে ভরা। টুয়ালাটিন ভ্যালি এলাকায় পরিবার পরিচালিত ওয়াইনারিতে পিনো নোয়ার চেখে দেখা যায়। পথে টুয়ালাটিন রিভার ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজে পরিযায়ী পাখি দেখার সুযোগও আছে।
২. ভলকানিক লেগেসি সিনিক বাইওয়ে
১৪০ মাইল দীর্ঘ এই রুটের কেন্দ্রবিন্দু ক্রেটার লেক ন্যাশনাল পার্ক। প্রায় ৭,৭০০ বছর আগে মাউন্ট মাজামা ধসে তৈরি হয় যুক্তরাষ্ট্রের গভীরতম এই নীল লেক। রিম ড্রাইভ বা ক্লিটউড কোভ ট্রেইল ধরে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। আশপাশে রয়েছে নিউবেরি ন্যাশনাল ভলকানিক মনুমেন্ট।
৩. প্যাসিফিক কোস্ট সিনিক বাইওয়ে
হাইওয়ে ১০১ ধরে ৩৬৩ মাইল জুড়ে বিস্তৃত এই রুটটি ওরেগনের গর্ব। অ্যাস্টোরিয়া থেকে শুরু হয়ে ক্যানন বিচ, টিলামুক আর রহস্যময় থর’স ওয়েল পেরিয়ে দক্ষিণে ব্রুকিংস পর্যন্ত যায়। পথে বন, খাড়া পাহাড়, বাতিঘর আর তিমি দেখার সুযোগ মেলে।
৪. মাউন্ট হুড সিনিক বাইওয়ে
পোর্টল্যান্ডের পূর্বে শুরু হওয়া ১০৫ মাইলের এই পথে ওরেগনের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হুডকে ঘিরে ভ্রমণ। ট্রিলিয়াম লেকে পাহাড়ের প্রতিচ্ছবি, টামানাওয়াস ফলসের ঝরনা আর হুড রিভার ভ্যালির ল্যাভেন্ডার ক্ষেত এই রুটের বড় আকর্ষণ।
৫. ক্যাসকেড লেকস সিনিক বাইওয়ে
৬৬ মাইলের এই রুটে ক্যাসকেড পর্বতমালার ছায়ায় একের পর এক স্বচ্ছ লেক। বেন্ড শহর থেকে শুরু করে স্পার্কস লেকে কায়াকিং, লাভা লেকে পিকনিক কিংবা মাউন্ট ব্যাচেলরের ঢালে হাইকিং করা যায়। শীতে রাস্তাটি বন্ধ থাকে।
৬. হেলস ক্যানিয়ন সিনিক বাইওয়ে
উত্তর আমেরিকার সবচেয়ে গভীর গিরিখাত হেলস ক্যানিয়নকে ঘিরে ২১৮ মাইলের এই লুপ রুট। ওয়ালোয়া মাউন্টেন, জোসেফ শহরের শিল্পগ্যালারি আর বেকার সিটির ঐতিহ্যবাহী ব্রুপাব এই ড্রাইভকে করে তোলে স্মরণীয়।