মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে আকাশপথে যাতায়াতে। সম্ভাব্য ফ্লাইট সূচি পরিবর্তন, বিলম্ব ও বাতিলের আশঙ্কায় ট্রাভেল এজেন্সি ও যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সোমবার ২ মার্চ মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেন উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ।
মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন, বিলম্ব কিংবা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় যাত্রীসেবা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তুলতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাভেল এজেন্সির জন্য নির্দেশনা
মন্ত্রণালয়ের নির্দেশনায় ট্রাভেল এজেন্সিগুলোকে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাত্রীদের সঠিক ও হালনাগাদ তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। যাচাইকৃত তথ্য ছাড়া কোনো ধরনের সংবাদ বা বার্তা প্রচার না করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি না ছড়ায়।
টিকিট পুনরায় ইস্যু, মেয়াদ নবায়ন কিংবা অর্থ ফেরত সংক্রান্ত বিষয়ে দ্রুত সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি ভিসা বা আকামা জটিলতায় পড়া যাত্রীদের সংশ্লিষ্ট দূতাবাসের যোগাযোগের তথ্য সরবরাহ করতে হবে।
অতিরিক্ত অর্থ আরোপ না করে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যাত্রীদের সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সার্বক্ষণিক জরুরি যোগাযোগ নম্বর চালু রাখা এবং দূতাবাস ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখার কথাও উল্লেখ করা হয়েছে।
যাত্রীদের প্রতি অনুরোধ
মন্ত্রণালয় যাত্রীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিসা বা আকামা সংক্রান্ত সমস্যায় দ্রুত সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ট্রাভেল এজেন্সি ও যাত্রীদের মধ্যে এসব নির্দেশনা ব্যাপকভাবে প্রচার এবং যথাযথভাবে প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সংশ্লিষ্ট সবাইকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।