বাংলাদেশের বিমান পরিবহন খাতকে আধুনিক ও আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে ঢাকা ও ওয়াশিংটন। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতায় এ খাতে প্রযুক্তি, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা।
মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেন।
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।
বৈঠককালে উভয় পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বিমান পরিবহন খাতের আধুনিকায়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনবল প্রশিক্ষণে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় উঠে আসে।
বাংলাদেশের পক্ষ থেকে এ খাতে প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। দ্রুত বর্ধনশীল যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে থাকবে। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো এগিয়ে নিতে বর্তমান সরকারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।