আকাশের বিস্তৃত জগৎ সাধারণত ছোট ও দ্রুতগতির পাখিদের জন্য পরিচিত। কিন্তু পৃথিবীতে এমন অনেক বিশাল আকারের পাখি আছে, যাদের আকার, ওজন কিংবা ডানার বিস্তার বিস্ময় জাগায়। এদের কেউ উড়তে পারে না, আবার কেউ দীর্ঘ দূরত্বে ভেসে বেড়ায় অনায়াসে। আফ্রিকার তৃণভূমি থেকে অ্যান্টার্কটিকার বরফভূমি পর্যন্ত বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে এসব বৃহৎ পাখি।
উটপাখি
বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে ভারী পাখি হলো উটপাখি। এর উচ্চতা প্রায় ২ দশমিক ৭ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন ১৫০ কিলোগ্রামেরও বেশি হয়। আফ্রিকার সাহারা-নিম্নাঞ্চলের তৃণভূমি ও মরুভূমিতে এদের দেখা যায়। উটপাখি উড়তে পারে না, তবে দৌড়ে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।

দক্ষিণী ক্যাসোয়ারি
পৃথিবীর ভারী পাখিদের মধ্যে দক্ষিণী ক্যাসোয়ারি অন্যতম। এর উচ্চতা প্রায় ১ দশমিক ৮ মিটার এবং ওজন ৭০ কিলোগ্রামের বেশি হতে পারে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল ও নিউগিনির ঘন অরণ্যে এদের বাস। গলার উজ্জ্বল নীল রঙ এবং মাথার উপর শক্ত খোলসের মতো গঠন এ পাখিটিকে সহজেই আলাদা করে চেনা যায়। ঘন জঙ্গলে বসবাস করায় এদের খুব কমই চোখে পড়ে।

ইমু
উটপাখির পর পৃথিবীর দ্বিতীয় লম্বা উড়তে না পারা পাখি ইমু। অস্ট্রেলিয়ায় বসবাসকারী এই পাখির উচ্চতা প্রায় দুই মিটার পর্যন্ত হয়। লম্বা পা ও দ্রুতগতির জন্য ইমু পরিচিত। তৃণভূমি, খোলা বন এবং সাভানা অঞ্চলে এদের দেখা যায়। খাদ্য ও পানির খোঁজে তারা অনেক দূর পর্যন্ত চলাচল করতে পারে।
সম্রাট পেঙ্গুইন
মেরু অঞ্চলের সবচেয়ে বড় পাখিদের মধ্যে সম্রাট পেঙ্গুইন উল্লেখযোগ্য। এটি পেঙ্গুইনদের মধ্যেও সবচেয়ে লম্বা ও ভারী। অ্যান্টার্কটিকার বরফাচ্ছাদিত অঞ্চলে এদের বাস। একটি পূর্ণবয়স্ক পাখির উচ্চতা প্রায় ১ দশমিক ২ মিটার এবং ওজন প্রায় ৪৫ কিলোগ্রাম হতে পারে।
গ্রেটার রিয়া
দক্ষিণ আমেরিকার তৃণভূমিতে বাস করা গ্রেটার রিয়া একটি উড়তে না পারা পাখি। প্রধানত আর্জেন্টিনা ও ব্রাজিলে এদের দেখা যায়। উচ্চতা প্রায় ১ দশমিক ৭ মিটার পর্যন্ত হয়। দেখতে কিছুটা উটপাখির ছোট সংস্করণের মতো। দ্রুত দৌড়ে শিকারিদের হাত থেকে রক্ষা পাওয়াই এদের প্রধান কৌশল।
ওয়ান্ডারিং অ্যালবাট্রস
সব পাখির মধ্যে সবচেয়ে বড় ডানার বিস্তার রয়েছে ওয়ান্ডারিং অ্যালবাট্রসের। ডানা মেলে ধরলে প্রস্থ প্রায় ৩ দশমিক ৫ মিটার পর্যন্ত হয়। দক্ষিণ মহাসাগরের বিস্তীর্ণ জলরাশির ওপর দিয়ে এরা ভেসে বেড়ায়। বিশাল ডানা ব্যবহার করে খুব কম ডানা নাড়িয়েই দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে।

ডালমেশিয়ান পেলিক্যান
উড়তে পারা সবচেয়ে ভারী পাখিদের মধ্যে ডালমেশিয়ান পেলিক্যান অন্যতম। ইউরোপ ও এশিয়ার জলাভূমিতে এদের বাস। একটি পাখির ওজন প্রায় ১৫ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এবং ডানার বিস্তার প্রায় ৩ মিটার পর্যন্ত হয়। ঘাড়ের পেছনের কোঁকড়া পালক এবং বড় ঠোঁট এদের সহজে চেনার বৈশিষ্ট্য।
অ্যান্ডিয়ান কনডর
দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার প্রতীক হিসেবে পরিচিত অ্যান্ডিয়ান কনডর পৃথিবীর অন্যতম বৃহৎ উড়ন্ত পাখি। এর ডানার বিস্তার প্রায় ৩ দশমিক ৩ মিটার পর্যন্ত হয়। পেরু, চিলি ও আর্জেন্টিনার পার্বত্য এলাকায় এদের দেখা যায়।