ঈদ সামনে এলেই অনেকের মনে ঘোরাঘুরির পরিকল্পনা জাগে। কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে বের হন, আবার অনেকেই বেছে নেন একা ভ্রমণের অভিজ্ঞতা। সলো ট্রাভেল বা একক ভ্রমণ এখন বিশ্বজুড়েই জনপ্রিয়। স্বাধীনভাবে নিজের মতো করে নতুন জায়গা ঘোরার সুযোগ থাকলেও কিছু সাধারণ ভুল ভ্রমণের আনন্দ নষ্ট করতে পারে। বিশেষ করে যাঁরা নতুন, তাঁদের জন্য কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

অল্প প্রস্তুতি আর কিছু সচেতনতা থাকলে একা ভ্রমণ হতে পারে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং স্মরণীয়।

একাকিত্বকে ভয় পাবেন না

একা ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বড় মানসিক বাধা হলো একাকিত্বের ভয়। অনেকেই ভাবেন, অপরিচিত জায়গায় কাউকে না চিনে কীভাবে সময় কাটাবেন। এই দ্বিধা থেকেই অস্বস্তি তৈরি হয়।

বাস্তবে ভ্রমণে গেলে দেখা যায়, নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি হয় সহজেই। স্থানীয় মানুষ কিংবা অন্য ভ্রমণকারীদের সঙ্গে আলাপ অনেক সময় ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তোলে। তাই একাকিত্বকে ভয় না পেয়ে সেটিকে উপভোগ করার চেষ্টা করুন।

অতিরিক্ত ব্যাগ এড়িয়ে চলুন

ভ্রমণে সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হলো প্রয়োজনের তুলনায় বেশি জিনিস নেওয়া। বিশেষ করে পোশাকের কারণে ব্যাগ ভারী হয়ে যায়।

মনে রাখতে হবে, একা ভ্রমণ করলে সবকিছু নিজেকেই বহন করতে হয়। তাই ছোট ও হালকা ব্যাগ নেওয়াই সবচেয়ে ভালো। প্রয়োজনীয় কয়েক সেট পোশাক, প্রয়োজনীয় ওষুধ, একটি চার্জার এবং দরকারি ডিভাইস রাখলেই যথেষ্ট।

হাতে পর্যাপ্ত সময় রাখুন

অনেক সময় ভ্রমণের পরিকল্পনায় সময় খুব কম রাখা হয়। ফলে এক দিনে অনেক কিছু দেখার চাপ তৈরি হয়। এতে জায়গা দেখা হলেও ভ্রমণের আনন্দ কমে যায়।

ভ্রমণ শুধু দর্শন নয়, অনুভবের বিষয়ও। তাই গন্তব্য ঘোরার জন্য পর্যাপ্ত সময় রাখুন। ট্রাফিক জট, আবহাওয়া কিংবা ব্যক্তিগত কারণে পরিকল্পনা পরিবর্তনও হতে পারে। এসব মাথায় রেখে সময় হাতে রাখা ভালো।

বিকল্প পরিকল্পনা রাখুন

ভ্রমণে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হবে, এমন নিশ্চয়তা নেই। হঠাৎ হোটেল বুকিং বাতিল হতে পারে বা কোনো পর্যটনস্থলে অতিরিক্ত ভিড় দেখা দিতে পারে।

কখনো রাজনৈতিক পরিস্থিতি বা প্রাকৃতিক কারণেও পরিকল্পনা বদলাতে হয়। তাই মূল পরিকল্পনার পাশাপাশি একটি বিকল্প পরিকল্পনা রাখা বুদ্ধিমানের কাজ। এতে সমস্যায় পড়লেও ভ্রমণ পুরোপুরি বাতিল করতে হয় না।

বাজেটে কিছু বাড়তি রাখুন

ভ্রমণের আগে বাজেট নির্ধারণ করা প্রয়োজন। এতে খরচ নিয়ন্ত্রণে থাকে এবং পরিকল্পনা করা সহজ হয়।

তবে ভ্রমণে কখনো কখনো অতিরিক্ত খরচের প্রয়োজন হতে পারে। হয়তো একটি দিন বেশি থাকতে ইচ্ছা হলো কিংবা কোনো নতুন অভিজ্ঞতা নিতে চাইছেন। তাই নির্ধারিত বাজেটের পাশাপাশি কিছু অতিরিক্ত অর্থ সঙ্গে রাখা ভালো।

ভ্রমণে কাজে লাগতে পারে কিছু টিপস

• ভ্রমণে নিজের জন্য সামান্য বিলাসিতার সুযোগ রাখুন
• নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে দ্বিধা করবেন না
• পরিবার বা বন্ধুদের আপনার গন্তব্য সম্পর্কে জানিয়ে যান
• নিজের অনুভূতির ওপর বিশ্বাস রাখুন
• জাতীয় পরিচয়পত্র বা যেকোনো আইডি কার্ডের কপি সঙ্গে রাখুন