উঁচু অট্টালিকা, ব্যস্ত বন্দর, ঝলমলে শপিংমল আর কোটি মানুষের ভিড়ে পরিচিত হংকংকে অনেকেই শুধু আধুনিক নগরী হিসেবে ভাবেন। কিন্তু শহরের কোলাহলের বাইরে রয়েছে সম্পূর্ণ ভিন্ন এক হংকং। সবুজ পাহাড়, নির্জন দ্বীপ, ঐতিহ্যবাহী গ্রাম আর সমুদ্রঘেরা প্রকৃতি মিলিয়ে কাছেই রয়েছে একাধিক দারুণ ভ্রমণ গন্তব্য।
হংকংয়ের প্রায় তিন-চতুর্থাংশ এলাকা সবুজে আচ্ছাদিত। এখানে রয়েছে সংরক্ষিত পার্ক, পাহাড়ি ট্রেইল এবং নির্জন সৈকত। পাশাপাশি দক্ষিণ চীন সাগরে ছড়িয়ে আছে বহু ছোট দ্বীপ, যেগুলোর বেশিরভাগেই সহজেই ফেরিতে যাওয়া যায়। ফলে একদিনের ছোট ভ্রমণের জন্য হংকং একটি আদর্শ জায়গা।
তাই ও ফিশিং ভিলেজ
প্রায় ২০০ বছরের ইতিহাসবাহী খুঁটির ওপর নির্মিত কাঠের ঘরগুলোই এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ। একসময় এটি ছিল টাংকা নৌকার মানুষের বসতি। সরু গলি, ছোট বাজার এবং ঐতিহ্যবাহী পরিবেশ এখনো গ্রামটিকে আলাদা করে রেখেছে। চাইলে পুরনো পুলিশ স্টেশন সংস্কার করে তৈরি হেরিটেজ হোটেলেও থাকা যায়।
লাম্মা দ্বীপ
হংকংয়ের সবচেয়ে শান্ত দ্বীপগুলোর একটি। এখানে নেই গাড়ির ভিড়। আছে সমুদ্রতট, হাঁটার পথ এবং ছোট ক্যাফে। ইয়ুং শু ওয়ান গ্রামে পাওয়া যায় নানা নিরামিষ রেস্টুরেন্ট ও স্থানীয় খাবার।
ম্যাকাও
হংকং থেকে দ্রুতগতির ফেরিতে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে ম্যাকাও। বিশাল ক্যাসিনোর জন্য পরিচিত হলেও এখানে রয়েছে প্রায় ৩০০ বছরের পর্তুগিজ ঔপনিবেশিক ইতিহাস। সেন্ট পলস গির্জার ধ্বংসাবশেষ এবং পুরনো শহরের রাস্তা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।
লানতাউ দ্বীপের বিগ বুদ্ধ
লানতাউ দ্বীপের পাহাড়ে দাঁড়িয়ে আছে ৩৪ মিটার উঁচু ব্রোঞ্জের তিয়ান তান বুদ্ধ। এর সামনে অবস্থিত পো লিন মঠ। কেবল কারে করে পাহাড়ে ওঠার সময় চারপাশের প্রাকৃতিক দৃশ্য বিশেষ আকর্ষণ তৈরি করে।
হংকং গ্লোবাল জিওপার্ক
ইউনেস্কো স্বীকৃত এই ভূতাত্ত্বিক পার্কে রয়েছে অদ্ভুত আকৃতির আগ্নেয় শিলাস্তম্ভ এবং সমুদ্রগুহা। নৌকা বা কায়াকিং ট্যুরে ঘুরে দেখা যায় পুরো এলাকা।
চিউং চাউ দ্বীপ
ছোট গ্রাম, সমুদ্রসৈকত এবং তাওবাদী মন্দিরের জন্য বিখ্যাত এই দ্বীপ। প্রতিবছর এখানে অনুষ্ঠিত হয় চিউং চাউ বান উৎসব, যেখানে শোভাযাত্রা এবং বাঁশের টাওয়ারে ওঠার প্রতিযোগিতা হয়।
সাই কুং
হংকংয়ের অন্যতম প্রাকৃতিক অঞ্চল। এখানে রয়েছে পাহাড়ি ট্রেইল, নির্জন উপসাগর এবং সুন্দর সৈকত। ট্রেকিং শেষে সৈকতের পাশে স্থানীয় খাবারও পাওয়া যায়।
শেনজেন
দ্রুতগতির ট্রেনে মাত্র কয়েক মিনিটে পৌঁছানো যায় চীনের আধুনিক শহর শেনজেনে। আধুনিক স্থাপত্য, শপিং, আর্ট গ্যালারি এবং থিম পার্কের জন্য এটি জনপ্রিয়।