ইউরোপ মানেই ব্যয়বহুল ভ্রমণ, এ ধারণা এখন অনেকটাই বদলে গেছে। প্রকৃতির কাছাকাছি, রোমাঞ্চে ভরা অথচ তুলনামূলক সাশ্রয়ী এমন পারিবারিক ভ্রমণের অসংখ্য সুযোগ ছড়িয়ে আছে ইউরোপজুড়ে। সমুদ্র, পাহাড়, বন কিংবা দ্বীপ— সবখানেই রয়েছে শিশু-কিশোরদের জন্য শেখা ও আনন্দের দারুণ অভিজ্ঞতা। এখানে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনের আলোকে তুলে ধরা হলো ইউরোপের এমন কিছু সেরা সাশ্রয়ী পারিবারিক অ্যাডভেঞ্চারের গল্প।
সাগরে কায়াকিং, গ্রিসে দ্বীপ থেকে দ্বীপে
গ্রিসের আয়োনিয়ান সাগরে কায়াক চালিয়ে দ্বীপভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা। কয়েকদিনের এই ভ্রমণে পরিবারগুলো সমুদ্রপথে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যায়, মাঝপথে সাঁতার, বিশ্রাম, এমনকি বারবিকিউরও আয়োজন থাকে। রাত কাটে খোলা আকাশের নিচে তাঁবুতে। তবে প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা কায়াক চালাতে হয় বলে এটি মূলত কিশোর বয়সী সন্তানদের জন্য বেশি উপযোগী।
ফ্রান্সের পাহাড়ে নিঃসঙ্গ আশ্রয়
ফ্রান্সের সাভোয়া অঞ্চলের পাহাড়ি উপত্যকায় অবস্থিত একটি পুরোনো রাখালের কুঁড়েঘরকে সংস্কার করে তৈরি করা হয়েছে একটি আকর্ষণীয় আশ্রয়স্থল। চারজনের থাকার মতো ব্যবস্থা, পাশে পাহাড়ি ঝরনা, আর চারদিকে নীরব প্রকৃতি— সব মিলিয়ে এটি যেন শহরের কোলাহল থেকে পালানোর এক আদর্শ জায়গা। এখানে থাকতে কোনো খরচ নেই, তবে খাবার ও প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিতে হয়।
জার্মানির ব্ল্যাক ফরেস্টে বন ক্যাম্পিং
জার্মানির ব্ল্যাক ফরেস্টে এখন সীমিত আকারে ‘সেমি-ওয়াইল্ড’ ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে। নির্দিষ্ট কিছু ক্যাম্পে তাঁবু খাটানো যায়, যেখানে আগুন জ্বালানোর জায়গা ও মৌলিক সুবিধা রয়েছে। পরিবারগুলো চাইলে একাধিক ক্যাম্প জুড়ে দীর্ঘ ভ্রমণও পরিকল্পনা করতে পারে। প্রকৃতির মাঝে এক রাত কাটানোর এই অভিজ্ঞতা শিশুদের জন্য হয়ে উঠতে পারে এক নতুন আবিষ্কার।
স্পেনে সূর্যগ্রহণ দেখার সুযোগ
স্পেনে নির্জন বনভূমির মাঝে কাঠের কেবিনে থেকে সূর্যগ্রহণ দেখার অভিজ্ঞতা সত্যিই ব্যতিক্রম। আশপাশে রয়েছে নদীর তীর, হাঁটার পথ, সাইকেল চালানোর সুযোগ এবং কায়াকিংয়ের ব্যবস্থা। আকাশ পর্যবেক্ষণের জন্য এই অঞ্চলটি বিশেষভাবে উপযোগী, ফলে শিশুদের জন্য এটি হয়ে উঠতে পারে এক শিক্ষামূলক ভ্রমণও।
স্লোভেনিয়ায় সাইক্লিং ও অ্যাডভেঞ্চার
স্লোভেনিয়ার সোচা উপত্যকা সাইক্লিংপ্রেমী পরিবারগুলোর জন্য স্বর্গ। পাহাড় আর বন ঘেরা এই অঞ্চলে সাইকেল চালানোর পাশাপাশি রাফটিং, জিপলাইন, জলপ্রপাত ভ্রমণের সুযোগ রয়েছে। এখানে পরিবারবান্ধব আবাসন ও সাইকেল মেরামতের সুবিধাও থাকায় পুরো ভ্রমণটি হয় ঝামেলামুক্ত।
লুক্সেমবার্গ-জার্মানিতে প্যাকরাফটিং
হাঁটা, নৌকা চালানো ও ক্যাম্পিং—তিন অভিজ্ঞতার সমন্বয় ‘প্যাকরাফটিং’। লুক্সেমবার্গ ও জার্মানির সীমান্ত অঞ্চলে দুই দিনের এই ভ্রমণে পরিবারগুলো বন, পাহাড়ি গিরিখাত ও নদীপথ পাড়ি দেয়। নিজেদের সরঞ্জাম বহন করতে হয় বলে এটি অপেক্ষাকৃত বড় শিশুদের জন্য বেশি উপযুক্ত।
ইতালিতে ধীরগতির ক্যাম্পিং
ইতালির গ্রামাঞ্চলে ‘স্লো ক্যাম্পিং’ এখন বেশ জনপ্রিয়। জলপাই গাছ ও ফলের বাগানের মাঝে ক্যাম্প করে পরিবারগুলো নিজেরাই রান্না করতে পারে, পাহাড়ে হাঁটতে পারে বা সাইকেল চালাতে পারে। শহুরে জীবনের ব্যস্ততা থেকে দূরে এই অভিজ্ঞতা শিশুদের প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়।
নেদারল্যান্ডসে রেল ও নৌভ্রমণ
ট্রেন ও ফেরি মিলিয়ে নেদারল্যান্ডস ভ্রমণ শুরু হয় বাড়ির দরজা থেকেই। রটারডাম শহরে পৌঁছে পরিবারগুলো আধুনিক স্থাপত্য, জাদুঘর এবং ইউরোপের বড় অ্যাডভেঞ্চার পার্কে সময় কাটাতে পারে। যাত্রাপথটিই এখানে ভ্রমণের অন্যতম আকর্ষণ।
সুইডেনের নির্জন দ্বীপে একাকী জীবন
সুইডেনের একটি গাড়িমুক্ত দ্বীপে কাঠের কেবিনে থাকার অভিজ্ঞতা পরিবারকে নিয়ে যায় এক ধীর ও শান্ত জীবনে। এখানে হাঁটা, সাঁতার, সাইক্লিং কিংবা কায়াকিং—সবকিছুই প্রকৃতির সঙ্গে মিলেমিশে। শহরের কোলাহল থেকে দূরে এটি এক নিখাদ প্রশান্তির জায়গা।
মন্টেনেগ্রোতে পাহাড়ি আশ্রয়
একটি পুরোনো সীমান্ত পোস্টকে রূপান্তর করে তৈরি করা হয়েছে পাহাড়ি আবাসন, যেখানে বিভিন্ন আকারের পরিবার সহজেই থাকতে পারে। স্থানীয় খাবার, পাহাড়ে হাঁটা, সাইক্লিং ও লেকের পানিতে সাঁতার— সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ পারিবারিক ভ্রমণ অভিজ্ঞতা।