বিয়ে শেষ হওয়ার পর সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তগুলোর একটি হলো হানিমুন। নতুন জীবনের শুরুতে প্রিয় মানুষের সঙ্গে নিরিবিলি কিছু সময় কাটানোর সুযোগই এই ভ্রমণকে বিশেষ করে তোলে। তবে গন্তব্য নির্বাচন করা অনেক দম্পতির জন্যই বেশ চ্যালেঞ্জিং। বাজেট, সময়, আবহাওয়া এবং দুজনের পছন্দ মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। এই পরিস্থিতিতে জনপ্রিয় ভ্রমণভিত্তিক প্ল্যাটফর্ম ট্রিপঅ্যাডভাইজার প্রকাশ করেছে ২০২৬ সালের সেরা হানিমুন গন্তব্যের তালিকা। ভ্রমণকারীদের বাস্তব অভিজ্ঞতা ও রিভিউ বিশ্লেষণ করেই তৈরি হয়েছে এই তালিকা।
বালি, ইন্দোনেশিয়া
তালিকার শীর্ষে রয়েছে বালি। জঙ্গল আর সমুদ্রের মিলনে তৈরি এই দ্বীপটি নবদম্পতিদের জন্য এক স্বপ্নের রোমান্টিক ঠিকানা। এখানে রয়েছে বিলাসবহুল রিসোর্ট, ব্যক্তিগত সুইমিংপুল, কাপল স্পা এবং ফুলে ভরা বাথটাব। ফ্লোটিং ব্রেকফাস্ট বালির অন্যতম জনপ্রিয় আকর্ষণ। পাশাপাশি আগ্নেয়গিরি ট্রেকিং, জলপ্রপাত দেখা এবং সার্ফিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতাও পাওয়া যায়।
মরিশাস
আফ্রিকার উপকূল থেকে প্রায় এক হাজার দুইশ মাইল দূরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মরিশাস। শান্ত সৈকত, সবুজ বনাঞ্চল এবং নীল জলরাশির জন্য এটি দম্পতিদের কাছে বেশ জনপ্রিয়। এখানে ক্যাটামারান নৌভ্রমণ, বোটানিক্যাল গার্ডেন এবং পাহাড়ি ভূপ্রকৃতি ঘুরে দেখার সুযোগ রয়েছে। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে মরিশাস হতে পারে আদর্শ পছন্দ।
মালদ্বীপ
হানিমুন মানেই মালদ্বীপ এমন ধারণা এখনো বেশ প্রচলিত। ওভারওয়াটার ভিলা, সমুদ্রের ওপর ব্যক্তিগত ডিনার এবং নীল জলে রঙিন মাছের সঙ্গে সাঁতার সব মিলিয়ে মালদ্বীপ এক স্বপ্নময় অভিজ্ঞতা দেয়। সূর্যোদয়ের সঙ্গে ভাসমান ব্রেকফাস্ট এবং সন্ধ্যায় সৈকতে হাঁটার মুহূর্তগুলো দম্পতিদের স্মৃতিতে থেকে যায় আজীবন।
সেন্ট লুসিয়া
ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপটি পাহাড় ও সমুদ্রের অসাধারণ দৃশ্যের জন্য পরিচিত। আগ্নেয় মাটির উষ্ণ ঝরনা, জলপ্রপাতের নিচে সাঁতার এবং কাপল স্পা সেন্ট লুসিয়াকে করে তুলেছে রোমান্টিক ও ব্যতিক্রমী গন্তব্য।
গল, শ্রীলঙ্কা
ইতিহাস ও প্রকৃতি একসঙ্গে উপভোগ করতে চাইলে গল হতে পারে দারুণ পছন্দ। ষোড়শ শতকের গল ফোর্টের প্রাচীন স্থাপনা, পাথরের রাস্তা এবং কাছাকাছি সুন্দর সৈকত মিলিয়ে এখানে পাওয়া যায় ভিন্নধর্মী হানিমুন অভিজ্ঞতা।