ঈদের টানা ছুটিতে দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত পরিণত হয়েছে মানুষের ঢলে। পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে বড়লেখার এই পর্যটন স্পটে ভিড় করেছেন হাজারো মানুষ। সংশ্লিষ্টদের মতে, ঈদের দিন থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অন্তত ২৫ থেকে ৩০ হাজার পর্যটকের আগমন ঘটেছে এখানে।
সরেজমিনে দেখা গেছে, মাধবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটক থেকে শুরু করে জলপ্রপাত পর্যন্ত পুরো পথজুড়ে ছিল পর্যটকদের উপস্থিতি। কেউ মূল জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ পাহাড়ি ঝর্নার উপর থেকে গড়িয়ে পড়া পানির দৃশ্য, বিশাল পাথর আর সবুজ চা-বাগানের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছেন।
পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বড় একটি অংশই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন। ঈদের পরের দিনগুলোতে চাকরিজীবীদের উপস্থিতি বেশি থাকলেও মঙ্গলবারে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও প্রবাসীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী ও শিশু পর্যটকদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
ইকোপার্ক সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটির তিন দিনে প্রায় ৩০ হাজার পর্যটক মাধবকুণ্ডে এসেছেন। ভিড় থাকলেও পর্যটকদের ভোগান্তি কমাতে আগে থেকেই নেওয়া হয়েছিল প্রস্তুতি।
নিরাপত্তার দায়িত্বে থাকা বনবিভাগের কর্মকর্তা সোহেল রানা ও পর্যটন পুলিশের এএসআই ওবায়দুর রহমান জানান, ঈদের আগেই উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পর্যটন পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সার্বক্ষণিক নজরদারি থাকায় কোনো ধরনের হয়রানি বা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে পুরো সময়জুড়ে পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা পর্যটকদের স্বস্তিতে ভ্রমণ নিশ্চিত করেছে।
প্রাকৃতিক সৌন্দর্য, সহজ যাতায়াত এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে ঈদের ছুটিতে মাধবকুণ্ড আবারও প্রমাণ করেছে কেন এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য।