ঈদের পর ভ্রমণ মৌসুমে কাপ্তাইয়ে পেট্রোল ও অকটেন সংকট নতুন করে দুর্ভোগ ডেকে এনেছে। চট্টগ্রাম ডিপো থেকে সরবরাহ শুরু হলেও স্থানীয় পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় পর্যটক ও চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

বুধবার কাপ্তাইয়ের নতুন বাজার, বড়ইছড়ি ও কেপিএম এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব পেট্রোল পাম্পে তেলের জন্য যানবাহনের লম্বা সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না। এতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পর্যটকবাহী যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম ডিপো থেকে পেট্রোল ও ডিজেল সরবরাহ পুনরায় শুরু হলেও তা পর্যাপ্ত নয়। সরবরাহ কম থাকায় পাম্পগুলো স্বল্প পরিমাণে তেল বিক্রি করছে। ফলে চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্পে বড় যানবাহনে এক হাজার টাকা এবং মোটরসাইকেলে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না। এতে দূরপাল্লার যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যটকরাও নির্ধারিত গন্তব্যে যেতে অনিশ্চয়তায় পড়ছেন।

স্থানীয় একাধিক চালক জানান, পর্যটন মৌসুমে কাপ্তাইয়ে যানবাহনের চাপ বেড়ে যায়। এই সময় জ্বালানি সংকট তৈরি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তারা দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

বড়ইছড়ি এলাকার একটি পেট্রোল পাম্পের মালিক বাবলু বিশ্বাস অমিত জামান বলেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। কাপ্তাইয়ের মতো পর্যটন নির্ভর এলাকায় এই সংকট দ্রুত সমাধান জরুরি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পাম্পগুলোতে নিয়মিত নজরদারি করছে। অনিয়ম রোধ ও স্বচ্ছতা বজায় রাখতে মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানা গেছে।