বিশ্বজুড়ে একা ভ্রমণের প্রবণতা দ্রুত বাড়ছে, আর নারীদের অংশগ্রহণ সেখানে চোখে পড়ার মতো। সাম্প্রতিক বছরগুলোতে ‘সলো ট্রাভেল ফর উইমেন’ বিষয়ে অনলাইন অনুসন্ধান উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবু নিরাপত্তা, পরিবেশ ও স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন থেকেই যায়। ২০২৬ সালে একা বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে, নারীবান্ধব ও তুলনামূলক নিরাপদ এই পাঁচটি দেশ হতে পারে নির্ভরযোগ্য পছন্দ।
ভিয়েতনাম
দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় গন্তব্য ভিয়েতনাম এখন বাংলাদেশি ভ্রমণকারীদের কাছেও পরিচিত। একা ভ্রমণকারীদের জন্য দেশটি বিশেষভাবে স্বাচ্ছন্দ্যের। স্থানীয় মানুষের আন্তরিকতা ও সহজ জীবনযাপন ভ্রমণকে করে তোলে প্রাণবন্ত।
উত্তরের সা পা অঞ্চলের পাহাড়ি গ্রাম, মেকং ডেলটার নদীমাতৃক জীবন কিংবা হোমস্টে অভিজ্ঞতা ভ্রমণে যোগ করে বৈচিত্র্য। এখানে তাড়াহুড়ো না করে সময় নিয়ে ঘোরাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
কোস্টারিকা
প্রকৃতি আর স্বাধীন জীবনযাপনের সংস্কৃতির জন্য পরিচিত কোস্টারিকা একা ভ্রমণকারীদের কাছে জনপ্রিয়। এখানে একা থাকা অস্বাভাবিক নয়, বরং সামাজিকভাবে স্বীকৃত।
নিকোয়া পেনিনসুলার সান্তা তেরেসা ও নোসারা অঞ্চলে সার্ফার, ডিজিটাল নোম্যাড ও পর্যটকদের ভিড় থাকে। সার্ফিং, যোগব্যায়াম বা ক্যাফে সংস্কৃতি সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি করে। নিরাপত্তা ও সামাজিক পরিবেশের ভারসাম্য এই দেশকে আলাদা করে।
এস্তোনিয়া
ইউরোপে নিরিবিলি ও নিরাপদ গন্তব্য খুঁজলে এস্তোনিয়া হতে পারে আদর্শ। রাজধানী তালিনের ইউনেসকো স্বীকৃত পুরোনো শহর ইতিহাস আর আধুনিকতার মিশেলে অনন্য।
সরু পাথরের রাস্তা, শান্ত পরিবেশ ও গোছানো নগর কাঠামো একা ঘোরার জন্য উপযোগী। শহরের বাইরে তাবাসালু পার্কে সমুদ্রতীরবর্তী চুনাপাথরের পাহাড় প্রকৃতিপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ।
উরুগুয়ে
দক্ষিণ আমেরিকার শান্ত ও ধীর জীবনযাপনের দেশ উরুগুয়ে একা ভ্রমণের জন্য বেশ স্বস্তিদায়ক। নিরাপত্তার পাশাপাশি এখানকার সামাজিক পরিবেশ বন্ধুসুলভ।
কলোনিয়া ডেল সাক্রামেন্তোর পুরোনো শহর ঐতিহ্যবাহী আবহ তৈরি করে। আর সমুদ্রপাড়ে সময় কাটাতে চাইলে পান্টা ডেল ডিয়াবলো হতে পারে উপযুক্ত জায়গা। কম ভিড় ও স্বাভাবিক পরিবেশ একা ভ্রমণকে করে সহজ।
নরওয়ে
উচ্চমানের নিরাপত্তা, লিঙ্গসমতা ও শক্তিশালী সামাজিক কাঠামোর কারণে নরওয়ে একা ভ্রমণকারী নারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ হিসেবে বিবেচিত।
লোফোটেন দ্বীপপুঞ্জের পাহাড়-সমুদ্র কিংবা ভালবার্দের বরফঢাকা প্রকৃতি ভ্রমণকে করে স্মরণীয়। ভাগ্য সহায় হলে নর্দান লাইটস দেখার অভিজ্ঞতা হতে পারে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।