দক্ষিণ এশিয়ার পর্যটন মানচিত্রে নতুন গতি আনতে ঢাকায় প্রথমবারের মতো বড় পরিসরের রোড শো আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো। বাংলাদেশি পর্যটকদের লক্ষ্য করে দুই দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে দুই দেশের পর্যটন খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা তৈরি হচ্ছে।

আগামী ৫ ও ৬ এপ্রিল অনুষ্ঠিতব্য এই আয়োজনে থাকবে মিডিয়া নেটওয়ার্কিং সেশন, বি২বি রোড শো এবং নেটওয়ার্কিং ইভেন্ট। এর মাধ্যমে শ্রীলঙ্কা তাদের পর্যটন খাতের বহুমাত্রিক দিক তুলে ধরতে চায় এবং বাংলাদেশি বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চায়।

৫ এপ্রিলের মিডিয়া নেটওয়ার্কিং সেশনে দেশের ৪০টির বেশি শীর্ষ গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন। এখানে শ্রীলঙ্কার অবকাশ যাপন, ঐতিহ্যবাহী সংস্কৃতি, ওয়েলনেস ট্যুরিজম এবং অ্যাডভেঞ্চার ভ্রমণের সুযোগগুলো তুলে ধরা হবে। আয়োজকদের মতে, এই সেশন গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদার করবে এবং বাংলাদেশে শ্রীলঙ্কা নিয়ে ইতিবাচক প্রচারণা বাড়াবে।

পরদিন ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে বি২বি রোড শো ও নেটওয়ার্কিং ইভেন্ট। এতে প্রায় ১৫০ জন বাংলাদেশি ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর অংশ নেবেন। সরাসরি যোগাযোগের এই প্ল্যাটফর্ম দুই দেশের পর্যটন খাতের অংশীদারদের মধ্যে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে। পাশাপাশি বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর পথও তৈরি হবে।

এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বুদ্ধিকা হেওয়াসাম, চেয়ারম্যান, শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো। তাঁর সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়ার সহকারী পরিচালক শিরানি হেরাথ। প্রতিনিধি দলে শ্রীলঙ্কার ১৯টি শীর্ষ পর্যটন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।

বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য একটি গুরুত্বপূর্ণ পর্যটন বাজার হিসেবে বিবেচিত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে ৫৯ হাজার ৫৬৩ জন পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন, যা মোট পর্যটকের প্রায় ৩ শতাংশ। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ইতিমধ্যে ১১ হাজার ৭৯ জন বাংলাদেশি সেখানে ভ্রমণ করেছেন।