দেশের পর্যটন খাতকে আরও গতিশীল করতে রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের এক বড় আয়োজন। ভ্রমণপ্রেমী ও পর্যটনসংশ্লিষ্টদের জন্য নতুন সুযোগ তৈরি করতে আগামীকাল বৃহস্পতিবার (০  থেকে ঢাকায় বসছে তিন দিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত এই মেলার ২১তম আসরে দেশি-বিদেশি মিলিয়ে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ভ্রমণ, বিমান চলাচল ও আতিথেয়তা খাতের বিভিন্ন সেবা ও প্যাকেজ এখানে একসঙ্গে পাওয়া যাবে।

মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীনসহ বাংলাদেশি বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করছে। মোট ১০টি প্যাভিলিয়ন ও ৮০টিরও বেশি বুথে প্রতিষ্ঠানগুলো তাদের সেবা ও পণ্য প্রদর্শন করবে।

পাক্ষিক পর্যটন পত্রিকা ‘দ্য বাংলাদেশ মনিটর’-এর উদ্যোগে আয়োজিত এই মেলা দেশের পর্যটন খাতের অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইন্স এবারের আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত ও সংসদ সদস্য এম নাসের রহমান বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দেশীয় ও আন্তর্জাতিক গন্তব্যে বিমান টিকিটে বিশেষ ছাড় দেবে। পাশাপাশি বিভিন্ন ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজমসহ নানা সেবায় আকর্ষণীয় অফার থাকবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মেলা দেশের পর্যটন শিল্পকে চাঙা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে একদিকে যেমন ভ্রমণপ্রেমীরা কম খরচে নতুন গন্তব্যের তথ্য পান, অন্যদিকে প্রতিষ্ঠানগুলো তাদের সেবা সরাসরি গ্রাহকদের সামনে তুলে ধরার সুযোগ পায়।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।