ছুটির মৌসুম এলেই বাড়ির পথে দীর্ঘ যাত্রা শুরু হয়। এই সময় শিশুদের সঙ্গে ভ্রমণ অনেক অভিভাবকের জন্যই বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা একাই সন্তানকে নিয়ে যাত্রা করেন, তাদের জন্য প্রস্তুতি আরও গুরুত্বপূর্ণ। তবে সামান্য পরিকল্পনা ও সচেতনতা থাকলে এই ভ্রমণ হতে পারে আরামদায়ক ও ঝামেলামুক্ত।

দীর্ঘ পথের যাত্রায় শিশুরা খুব দ্রুত একঘেয়েমিতে ভোগে। তাই তাদের ব্যস্ত ও আনন্দে রাখতে আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। শিশুর পছন্দের কার্টুন, শিক্ষামূলক ভিডিও কিংবা গেমস আগে থেকেই মোবাইল বা ট্যাবলেটে ডাউনলোড করে রাখলে ইন্টারনেট ছাড়াও তারা সময় কাটাতে পারবে। সঙ্গে হেডফোন রাখলে আশপাশের যাত্রীদেরও অসুবিধা হবে না।

এ ছাড়া শিশুদের জন্য কালারিং বুক, রঙ পেন্সিল, ছোট গল্পের বই কিংবা প্রিয় খেলনা সঙ্গে রাখা যেতে পারে। নতুন কোনো খেলনা বা স্টিকারও সঙ্গে রাখা ভালো। যাত্রাপথে বোর হয়ে গেলে এগুলো দিলে শিশুর আগ্রহ আবার ফিরে আসবে।

শিশুর জন্য আলাদা ব্যাগ গোছানোর সময় প্রয়োজনীয় খাবার ও স্বাস্থ্যসামগ্রী রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব দিতে হবে। চিপস, বিস্কুট, ড্রাই ফ্রুটস বা ইনস্ট্যান্ট সিরিয়ালসহ শিশুর পছন্দের হালকা খাবার রাখতে পারেন। এতে পথে হঠাৎ ক্ষুধা লাগলেও সহজেই সমাধান মিলবে।

স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি ছোট মেডিকেল কিট রাখা জরুরি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর, পেট খারাপ, অ্যালার্জি, বমি বা কাশির ওষুধ সঙ্গে রাখতে হবে। পাশাপাশি থার্মোমিটার ও ব্যান্ডেজ রাখাও প্রয়োজনীয়।

দীর্ঘ যাত্রায় ডায়াপার, ওয়েট টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার এবং অন্তত দুই থেকে তিন সেট অতিরিক্ত পোশাক হাতের কাছের ব্যাগে রাখা উচিত। এতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হয়।

নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। ভিড় বা অচেনা জায়গায় শিশুকে হারিয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে তার পোশাক বা ব্যাগে অভিভাবকের নাম, ফোন নম্বর ও ঠিকানা লেখা একটি কার্ড লাগিয়ে রাখা যেতে পারে। এতে জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।