পহেলা বৈশাখ উদযাপনে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী শোভাযাত্রা শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এসে শোভাযাত্রার সমাপ্তি ঘটে। এতে অংশ নেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ, যারা নতুন বছরকে বরণ করে নিতে মিলিত হন রঙ, সুর ও বার্তার এক অনন্য মিলনে।

চারুকলা থেকে টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, এবারের শোভাযাত্রায় বরাবরের মতোই দেশি ও আন্তর্জাতিক নানা ইস্যুর প্রতিফলন ছিল স্পষ্ট। অংশগ্রহণকারীদের হাতে ছিল বৈচিত্র্যময় প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম, যা সমকালীন সামাজিক, পরিবেশগত ও রাজনৈতিক বার্তা তুলে ধরেছে। এর মধ্যে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড বিশেষভাবে নজর কেড়েছে।

এছাড়া পরিবেশ সুরক্ষা, কৃষকের ন্যায্য অধিকার ও শিক্ষা খাতের নানা দাবি নিয়েও শোভাযাত্রায় সরব ছিলেন অংশগ্রহণকারীরা। ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন বিভিন্ন স্লোগান ও বার্তা দেখা গেছে প্ল্যাকার্ডে।

শোভাযাত্রার পুরো সময়জুড়ে ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মুখর ছিল পরিবেশ। রঙিন মুখোশ, প্রতীকী ভাস্কর্য ও লোকজ উপাদানে সাজানো এই আয়োজন নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি সামাজিক সচেতনতারও বার্তা দিয়েছে। ঐতিহ্য ও প্রতিবাদের এই মেলবন্ধন আয়োজনকে দিয়েছে আলাদা মাত্রা।

পহেলা বৈশাখ উপলক্ষে চারুকলা অনুষদে দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্য ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামী ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।