বাংলা নববর্ষের উৎসবমুখর আবহে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, পর্যটন শুধু অর্থনৈতিক খাত নয়, এটি দেশের সংস্কৃতি ও পরিচয় বিশ্বে তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম।
মঙ্গলবার ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, পয়লা বৈশাখ কেবল নতুন বছরের সূচনা নয়, এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় পরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেকড়ের সঙ্গে সংযোগ দৃঢ় করার সুযোগ তৈরি করে। সেই সঙ্গে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে বিশ্বদরবারে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে পর্যটন খাতের বিকাশ অপরিহার্য। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং সংস্কৃতিকে সমন্বিতভাবে উপস্থাপন করতে পারলে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করা সহজ হবে।
মন্ত্রী দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা ধারণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, দেশের প্রতি ভালোবাসা থেকেই পর্যটন খাতকে সমৃদ্ধ করা সম্ভব। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
এছাড়া অনুষ্ঠানে মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।