নীল আকাশের নিচে ঢেউয়ের নরম শব্দ, চোখজুড়ানো নীল জল আর সোনালি বালুর টান। শ্রীলঙ্কা ভ্রমণ মানেই যেন এক টুকরো ট্রপিক্যাল স্বপ্ন। ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটির প্রায় ১ হাজার ৩৪০ কিলোমিটার দীর্ঘ উপকূলজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য মনোমুগ্ধকর সমুদ্রসৈকত। কোথাও শান্ত লেগুন, কোথাও আবার রোমাঞ্চকর ঢেউ। সূর্যস্নান, সার্ফিং, সাঁতার কিংবা তিমি দেখার মতো অভিজ্ঞতা সবকিছুই এক দেশেই মিলবে শ্রীলঙ্কায়। তাই কম সময়ের ভ্রমণেও যারা প্রকৃতি, সমুদ্র আর অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চান, তাদের জন্য শ্রীলঙ্কা নিঃসন্দেহে আদর্শ গন্তব্য।
ভ্রমণের সময় বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। সাধারণভাবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত দক্ষিণ ও পশ্চিম উপকূল সবচেয়ে উপযোগী। আর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব উপকূল ভ্রমণের জন্য ভালো সময়। এবার জেনে নেওয়া যাক শ্রীলঙ্কার এমন ১০টি জনপ্রিয় সৈকতের কথা, যেগুলো ভ্রমণপিপাসুদের তালিকায় থাকাই উচিত।
উনাওয়াতুনা
গল শহরের কাছে অবস্থিত উনাওয়াতুনা শ্রীলঙ্কার অন্যতম জনপ্রিয় সাঁতারের সৈকত। প্রবালপ্রাচীরের কারণে এখানে ঢেউ তুলনামূলক শান্ত থাকে। সানবেড, ক্যাফে, রেস্টুরেন্ট আর বিচ পার্টির জন্য জায়গাটি বেশ প্রাণবন্ত।
দালাওয়েলা (উইজয়া বিচ)
উনাওয়াতুনার পাশেই অবস্থিত এই সৈকতটি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ। ছোট লেগুন থাকায় শিশুদের জন্য সাঁতার নিরাপদ। মাঝেমধ্যে কচ্ছপ দেখা যায়, যা পর্যটকদের বাড়তি আনন্দ দেয়।
ওয়েলিগামা
নতুন সার্ফারদের স্বর্গ বলা হয় ওয়েলিগামাকে। অর্ধচন্দ্রাকৃতি উপসাগর আর বালুকাময় তলদেশ সার্ফিং শেখার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে।
কাবালানা
আহাঙ্গামা এলাকার এই সৈকত তুলনামূলক শান্ত। সার্ফিং, যোগব্যায়াম আর নিরিবিলি সময় কাটাতে যারা চান, তাদের জন্য কাবালানা আদর্শ।
মিরিসা
নীল তিমি দেখার জন্য বিশ্বজুড়ে পরিচিত মিরিসা। মৌসুমে প্রতিদিন নৌকা যায় তিমি দেখাতে। পাশাপাশি স্নরকেলিং, সার্ফিং আর সন্ধ্যার বিচ ক্যাফে এখানকার বড় আকর্ষণ।
বেন্টোটা
পশ্চিম উপকূলের সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর একটি বেন্টোটা। এক পাশে সমুদ্র, অন্য পাশে লেগুন। জলক্রীড়া আর পরিবারের জন্য নিরাপদ সাঁতারের সুযোগ রয়েছে।
হিরিকেটিয়া
দুই পাহাড় আর জঙ্গলে ঘেরা ছোট উপসাগর। পরিবেশ শান্ত, কিন্তু কফিশপ, গেস্টহাউস সবই হাতের কাছে। সারা বছর সাঁতার আর সার্ফিং করা যায়।
কাল্কুদা
ভিড় এড়িয়ে নিরিবিলি সৈকত খুঁজছেন? কাল্কুদা আপনার জন্য। নারকেলবাগান আর খোলা প্রকৃতির মাঝে সময় কাটানোর দারুণ জায়গা।
আরুগাম বে
মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সার্ফিংয়ের রাজধানী বলা হয় আরুগাম বেকে। কম খরচে ভ্রমণ আর রোমাঞ্চকর ঢেউয়ের জন্য এটি তরুণ পর্যটকদের প্রিয়।
নিলাভেলি
ত্রিনকোমালির কাছে অবস্থিত নিলাভেলি সাদা বালু আর স্বচ্ছ পানির জন্য পরিচিত। কাছের পিজন আইল্যান্ডে স্নরকেলিং আর ডাইভিংয়ের সুযোগ রয়েছে।