বাংলাদেশি পর্যটকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে কিংবা জুনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস লাইন।
বিষয়টি নিয়ে অবগত একাধিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারত বাংলাদেশিদের জন্য প্রতিদিন প্রায় এক হাজার মেডিকেল ভিসা ইস্যু করছে। এর পাশাপাশি পর্যটন ভিসা পুনরায় চালুর প্রস্তুতিও চলছে।
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগে তা কিছুটা কমতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-দিল্লি সম্পর্কে দূরত্ব বাড়ে। একই বছরের ডিসেম্বরে ঢাকায় কয়েকটি স্থাপনায় হামলা ও চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এর প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতে পাল্টাপাল্টি বিক্ষোভ হয়। পরে দিল্লি ও আগরতলায় বাংলাদেশ মিশনের ভিসা ও কনস্যুলার সেবা সীমিত করা হয়। একই সময়ে ভারতও বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রমে কঠোরতা আরোপ করে।
তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। টানা দুই মাস বন্ধ থাকার পর ২০ ফেব্রুয়ারি থেকে দিল্লির বাংলাদেশ হাই কমিশন আবার সব ধরনের ভিসা দেওয়া শুরু করে।
এরপর থেকেই দুই দেশের মধ্যে কনস্যুলার সেবা স্বাভাবিক করার আলোচনা জোরদার হয়। বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর নয়াদিল্লি সফর দুই দেশের সম্পর্কে ইতিবাচক অগ্রগতির পথ তৈরি করেছে।
ঢাকার রাজনৈতিক পরিবর্তনের পর সেটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। ওই বৈঠকের পর কনস্যুলার সেবা, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন কারিগরি পর্যায়ের বৈঠক পুনরায় চালুর বিষয়ে অগ্রগতি দেখা যায়।