নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের লামা উপজেলার জনপ্রিয় পর্যটন এলাকা মিরিঞ্জায় চার দিনের জন্য পর্যটক ভ্রমণ ও অবস্থানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনকালীন সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মিরিঞ্জা এলাকার সব রিসোর্ট ও কটেজে পর্যটকদের অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নির্দেশনা জারি করা হয়।
বৃহস্পতিবার লামা উপজেলা পরিষদ হলরুমে আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের নেতৃত্বে কোর কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় লামা ও আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা, লামা ও আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং দুই উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করতে এবং পর্যটন এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে নির্ধারিত সময়ে লামা উপজেলার সব রিসোর্ট ও কটেজে পর্যটক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিসোর্ট মালিক, পর্যটক এবং সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।