মিশর হয়ে অন্য দেশে ভ্রমণ করতে চাইলে এখন থেকে বাংলাদেশি নাগরিকদের আগাম ট্রানজিট ভিসা নিতে হবে। নতুন এই নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মিশর আরব প্রজাতন্ত্রের দূতাবাস। ফলে ট্রানজিট যাত্রীদের ভ্রমণের আগে প্রয়োজনীয় কাগজপত্র ও ভিসা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সংশ্লিষ্ট মিশরীয় কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের জন্য ট্রানজিট ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। এই ভিসা ভ্রমণের আগেই ঢাকাস্থ মিশর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।

দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, ভ্রমণকারীর অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাশাপাশি চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা অথবা রেসিডেন্স পারমিটও থাকতে হবে, যদি তা প্রযোজ্য হয়।

এ ছাড়া ভ্রমণপথে মিশরকে ট্রানজিট পয়েন্ট হিসেবে উল্লেখ থাকতে হবে। অর্থাৎ, মিশর হয়ে অন্য দেশে যাওয়ার স্পষ্ট ভ্রমণ পরিকল্পনা ও টিকিট থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মিশরে প্রবেশের অনুমতি দেশটির বিদ্যমান অভিবাসন নীতিমালার ওপর নির্ভর করবে। কোনো যাত্রী প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় থাকলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

ভোগান্তি এড়াতে নির্ধারিত সময়ের আগেই ট্রানজিট ভিসার আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দূতাবাস। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জানতে কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।