ভারতে ভ্রমণ বা অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। নতুন বিধান অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারীরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নয়, বরং মেয়াদ শেষ হওয়ার আগেই অবস্থান বৃদ্ধির জন্য নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে।
সম্প্রতি প্রকাশিত ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর সংশোধিত বিধিমালায় এ পরিবর্তন আনা হয়েছে। আগে বিদেশি নাগরিকরা ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পর বা ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেতেন। নতুন নিয়মে সেই ১৪ দিনের গ্রেস পিরিয়ড পুরোপুরি বাতিল করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, যেসব বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা অবস্থানের সীমা ১৮০ দিন নির্ধারিত, তারা যদি এককভাবে বা ক্যালেন্ডার বছরে মোট অবস্থানের সময়সীমা অতিক্রম করতে চান, তবে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।
এছাড়া সরকার স্পষ্ট করেছে যে, এমন অবস্থান বৃদ্ধির অনুমোদন কেবলমাত্র 'জরুরি পরিস্থিতিতে' দেওয়া হবে।
অন্যদিকে, ভারতে জন্ম নেওয়া বিদেশি নাগরিকদের সন্তানদের ক্ষেত্রেও কিছু নিয়ম শিথিল করা হয়েছে। আগে সন্তানের জন্য নতুন ভিসা বা দেশত্যাগের অনুমতি পেতে অভিভাবকদের ৩০ দিনের মধ্যে অনলাইনে নিবন্ধন কর্মকর্তাকে অবহিত করতে হতো। তবে এখন যদি বাবা বা মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানকে ভারতীয় নাগরিকত্বে রাখতে চান, তাহলে এই বিধান প্রযোজ্য হবে না।
তবে কোনো শিশু ভারতে অবস্থানরত অবস্থায় পরবর্তীতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে, তার বাবা বা মাকে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাকে তা জানাতে হবে।
সংশোধিত বিধিমালায় হাসপাতাল, নার্সিং হোম ও আবাসন সুবিধাসম্পন্ন অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের রিপোর্টিং ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কেও নতুন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভারত সরকারের এই পদক্ষেপকে বিদেশি নাগরিকদের অবস্থান ব্যবস্থাপনা ও অভিবাসন নিয়ন্ত্রণ আরও কার্যকর করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।