রাজধানীর গণপরিবহনে স্বস্তি বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে রোববার থেকে একটি অতিরিক্ত ট্রিপ চালু করা হচ্ছে, ফলে রাতের শেষ ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে।
ডিএমটিসিএল জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত সাড়ে ১০টায় ছেড়ে যাবে। বর্তমানে এ রুটে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা বর্তমানে রাত সাড়ে ৯টায় ছেড়ে যায়।
মেট্রোরেলের উপ-প্রকল্প পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফী বলেন, যাত্রী চাহিদার প্রেক্ষিতে রোববার থেকে মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে যাত্রীরা রাতে আরও কিছু সময় মেট্রোরেল সেবা গ্রহণের সুযোগ পাবেন।
দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর। প্রথম পর্যায়ে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়। পরে ধাপে ধাপে নতুন স্টেশন চালু এবং রুট সম্প্রসারণের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হয়।
বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছেড়ে যায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে।
নগরবাসীর কাছে দ্রুত, নিরাপদ ও সময়নিষ্ঠ যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে মেট্রোরেলের জনপ্রিয়তা বাড়ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চলাচলের সময় বৃদ্ধি ও অতিরিক্ত ট্রিপ সংযোজনের ফলে কর্মজীবী ও রাতের যাত্রীদের জন্য সেবাটি আরও সুবিধাজনক হবে।