বিশ্ব বিমান পরিবহন খাতে শক্তির ভারসাম্য আরও একবার এশিয়া ও মধ্যপ্রাচ্যের দিকে ঝুঁকেছে। বিমান পরিষেবার অন্যতম মর্যাদাপূর্ণ মূল্যায়ন প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের সর্বশেষ ৫-তারকা রেটিং তালিকায় শীর্ষস্থানীয় সব এয়ারলাইনস এসেছে এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। এবারও তালিকায় জায়গা পায়নি কোনো ইউরোপীয় বিমান সংস্থা, যা বৈশ্বিক বিমান খাতে পরিবর্তিত বাস্তবতারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লন্ডনভিত্তিক স্কাইট্র্যাক্স ১৯৯৯ সাল থেকে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোকে ৫-তারকা রেটিং প্রদান করে আসছে। এই মূল্যায়ন সাধারণ যাত্রীদের মতামতের ওপর নির্ভরশীল নয়। প্রতিষ্ঠানটি নিজস্ব অডিট ও আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে বিমান সংস্থাগুলোর সেবার গুণগত মান যাচাই করে থাকে।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলো আধুনিক প্রযুক্তি, বিলাসবহুল সেবা, যাত্রীসুবিধা এবং সময়ানুবর্তিতায় ব্যাপক বিনিয়োগ করেছে। বিপরীতে, ইউরোপের অনেক ঐতিহ্যবাহী ক্যারিয়ার এসব ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ফলে আকাশপথে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে বিবেচিত ৫-তারকা স্বীকৃতির তালিকায় তাদের অনুপস্থিতি এখন আর বিস্ময়কর নয়।

যেভাবে নির্ধারিত হয় ৫-তারকা রেটিং

স্কাইট্র্যাক্সের মূল্যায়ন প্রক্রিয়া সাধারণ রিভিউভিত্তিক নয়। প্রতিষ্ঠানটি বিমানের অভ্যন্তরীণ পরিবেশ, আসনের মান, পরিচ্ছন্নতা, খাবার পরিবেশন, কেবিন সেবা, বিমানবন্দরের লাউঞ্জ, চেক-ইন সুবিধা এবং গ্রাউন্ড সার্ভিসসহ বিভিন্ন বিষয় সরেজমিনে যাচাই করে।

শুধু একটি বা দুটি ফ্লাইট নয়, পুরো বহরে একই মানের সেবা বজায় রাখা হচ্ছে কি না তাও মূল্যায়নের অংশ। সব সূচকে শতভাগ নম্বর পাওয়া বাধ্যতামূলক না হলেও গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে ধারাবাহিক উৎকর্ষতা বজায় রাখতে হয়।

স্কাইট্র্যাক্সের ৫-তারকা তালিকায় থাকা শীর্ষ এয়ারলাইনস

অল নিপ্পন এয়ারওয়েজ (জাপান)
টানা ১৩ বছর ধরে ৫-তারকা মর্যাদা ধরে রেখেছে। গ্রাহকসেবা ও সেবার ধারাবাহিক মান বজায় রাখার জন্য প্রতিষ্ঠানটি বিশেষভাবে প্রশংসিত।

আশিয়ানা এয়ারলাইনস (দক্ষিণ কোরিয়া)
উন্নত কেবিন সেবা ও ইনচন বিমানবন্দরের কার্যকর ব্যবস্থাপনার কারণে তালিকায় স্থান পেয়েছে। চলতি বছরের শেষ দিকে কোরিয়ান এয়ারের সঙ্গে একীভূত হওয়ার কথা রয়েছে।

ক্যাথে প্যাসিফিক (হংকং)
উন্নত গ্রাউন্ড সার্ভিস, মানসম্মত খাবার এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতার জন্য পরিচিত।

ইভিএ এয়ার (তাইওয়ান)
টানা ১১ বছর ধরে ৫-তারকা মর্যাদা ধরে রেখেছে। নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পেশাদার সেবার জন্য সুপরিচিত।

হাইনান এয়ারলাইনস (চীন)
বিজনেস ও ইকোনমি উভয় শ্রেণিতে উন্নত খাবার পরিবেশন এবং নিজস্ব লাউঞ্জ সুবিধার জন্য প্রশংসা পেয়েছে।

জাপান এয়ারলাইনস (জাপান)
নিরাপত্তা, টেকসই পরিচালনা এবং উন্নত যাত্রীসেবার কারণে টানা পাঁচ বছর ধরে এই মর্যাদা ধরে রেখেছে।

কোরিয়ান এয়ার (দক্ষিণ কোরিয়া)
উন্নত ইকোনমি ক্লাস এবং আন্তরিক কেবিন সেবার জন্য তালিকাভুক্ত হয়েছে।

কাতার এয়ারওয়েজ (কাতার)
বিশ্বের অন্যতম স্বীকৃত ৫-তারকা এয়ারলাইনস। আধুনিক আসনব্যবস্থা ও উচ্চমানের আতিথেয়তার জন্য সুপরিচিত।

সিঙ্গাপুর এয়ারওয়েজ (সিঙ্গাপুর)
উদ্ভাবনী সেবা, দীর্ঘপাল্লার ফ্লাইটে আরামদায়ক ভ্রমণ এবং চাঙ্গি বিমানবন্দরকেন্দ্রিক কার্যক্রমের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত।

স্টারলাক্স এয়ারওয়েজ (তাইওয়ান)
মাত্র ছয় বছরের যাত্রায় আধুনিক বহর ও উন্নত কেবিন সেবার মাধ্যমে ৫-তারকা ক্লাবে জায়গা করে নিয়েছে।