ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার সুযোগই নয়, অনেক সময় এটি সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করারও একটি মাধ্যম। তাই দম্পতিদের জন্য গন্তব্য নির্বাচন গুরুত্বপূর্ণ। সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ড ‘পুওর মোয়া’র এক বিশ্লেষণে এমন পাঁচটি পর্যটন গন্তব্যের নাম উঠে এসেছে, যেখানে দম্পতিদের ছুটি কাটানো তুলনামূলকভাবে শান্তিপূর্ণ, স্বস্তিদায়ক এবং স্মরণীয় হওয়ার সম্ভাবনা বেশি।
সম্পর্ক ও যৌনতা বিষয়ক থেরাপিস্ট জর্জিনা ভাসের সহায়তায় ৪০টির বেশি দেশের ১০০টি জনপ্রিয় গন্তব্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। গবেষণায় নিরাপত্তা, আবাসন সুবিধা, খরচ, পরিবেশ এবং দম্পতিদের জন্য উপযোগী কার্যক্রমের মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।
লেক গার্দা, ইতালি
১০০-এর মধ্যে ৯০ স্কোর পেয়ে তালিকার শীর্ষে রয়েছে ইতালির লেক গার্দা। উন্নতমানের আবাসন, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং শান্ত আবহের কারণে এটি দম্পতিদের কাছে বিশেষ আকর্ষণীয়।
হ্রদের উত্তর প্রান্তের রিভা দেল গার্দা, দক্ষিণ তীরের ঐতিহাসিক শহর সিরমিয়োন এবং রঙিন বাড়ির জন্য পরিচিত লেমন সুল গার্দা পর্যটকদের অন্যতম পছন্দ। পাশাপাশি মন্টে বালদো পাহাড় থেকে পুরো হ্রদের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। ফেরিতে করে ট্রাফিকমুক্ত ভ্রমণের সুযোগও এ অঞ্চলের বড় আকর্ষণ।
ব্লেড, স্লোভেনিয়া
৭৩ দশমিক ৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্লোভেনিয়ার ব্লেড। নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যায়ন পাওয়া এই গন্তব্যে একই সঙ্গে প্রকৃতির শান্ত সৌন্দর্য ও হালকা অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া যায়।
জুলিয়ান আল্পস অঞ্চলে অবস্থিত ব্লেড হ্রদ তার স্বচ্ছ নীল জল, ছোট দ্বীপ এবং ঐতিহাসিক স্থাপনার জন্য বিশ্বখ্যাত। হ্রদের মাঝখানে অবস্থিত ব্লেড আইল্যান্ডে রয়েছে ১৫ শতকের গির্জা। এছাড়া পাহাড়চূড়ার ব্লেড ক্যাসেল থেকে পুরো এলাকা ও আল্পস পর্বতমালার অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়।
এসাওয়াইরা, মরক্কো
তালিকার তৃতীয় স্থানে থাকা এসাওয়াইরা পেয়েছে ৬৯ দশমিক ৯৫ স্কোর। সাশ্রয়ী ব্যয়, আরামদায়ক পরিবেশ এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতার জন্য এটি দম্পতিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
আটলান্টিক উপকূলের এই ঐতিহাসিক বন্দরনগরীর ইউনেসকো স্বীকৃত মেডিনা, ঐতিহ্যবাহী হস্তশিল্পের বাজার এবং সমুদ্রতীরভিত্তিক নানা কর্মকাণ্ড পর্যটকদের আকর্ষণ করে। সার্ফিং ও কাইট সার্ফিংয়ের জন্যও শহরটির আন্তর্জাতিক খ্যাতি রয়েছে।
গিথর্ন, নেদারল্যান্ডস
৬৯ দশমিক ১২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নেদারল্যান্ডসের শান্ত গ্রাম গিথর্ন। বড় সড়কবিহীন এই গ্রামে চলাচলের প্রধান মাধ্যম নৌকা। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ খালপথের কারণে একে অনেকেই ‘ডাচ ভেনিস’ নামে চেনেন।
প্রকৃতিনির্ভর ধীরগতির জীবনযাপন, নিরিবিলি পরিবেশ এবং খালপাড়ের সৌন্দর্য দম্পতিদের জন্য রোমান্টিক সময় কাটানোর অনুকূল পরিবেশ তৈরি করে।
কোটর, মন্টিনিগ্রো
৬৮ দশমিক ৪৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মন্টিনিগ্রোর কোটর। অ্যাড্রিয়াটিক উপকূলে অবস্থিত এই মধ্যযুগীয় শহরটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত।
প্রাচীন দুর্গ, ভেনিসীয় স্থাপত্য, সমুদ্র ও পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্য এবং তুলনামূলক সাশ্রয়ী ভ্রমণ ব্যয় কোটরকে দম্পতিদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। ছোট ও সহজে ঘুরে দেখা যায় এমন শহর হওয়ায় ভ্রমণ পরিকল্পনার চাপও তুলনামূলক কম।
বিশেষজ্ঞদের মতে, সঠিক গন্তব্য নির্বাচন দম্পতিদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও ইতিবাচক করে তুলতে পারে। আর সেই বিবেচনায় বিশ্বের এই পাঁচটি গন্তব্য রোমান্টিক অবকাশযাপনের জন্য অন্যতম সেরা বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।