শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা আগর বাগান এখন প্রকৃতিপ্রেমীদের নতুন আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন সেখানে। তবে পর্যটকদের এই অনিয়ন্ত্রিত যাতায়াত বনাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
সবুজ পাহাড়ের বুক চিরে চলে যাওয়া সরু পথের দুই পাশে সারিবদ্ধ আগর গাছ বাগানটিকে দিয়েছে অনন্য সৌন্দর্য। রূপকথার অরণ্যের মতো মনোমুগ্ধকর এ পরিবেশ অনেক দর্শনার্থীর কাছে বিদেশের কোনো প্রাকৃতিক স্থানের অনুভূতি এনে দেয়।
বন বিভাগের তথ্য অনুযায়ী, মূল্যবান সুগন্ধি উপাদান আগর উড উৎপাদনের লক্ষ্যে একসময় এই বাগান গড়ে তোলা হয়। তাওয়াকুচা ও গজনী বিট মিলিয়ে প্রায় ৯০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত আগর বাগান বর্তমানে স্থানীয় ও দূর-দূরান্তের ভ্রমণপিপাসু মানুষের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
দর্শনার্থীরা জানান, মোটরসাইকেলে কিংবা হেঁটে বাগান ঘুরে দেখার অভিজ্ঞতা ভিন্ন ধরনের প্রশান্তি এনে দেয়। চারপাশের সবুজ পরিবেশ ও গাছের সারি তাদের মুগ্ধ করে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিও দেখে আগ্রহী হয়ে সরেজমিনে ঘুরতে এসেছেন।
তবে সংরক্ষিত বনাঞ্চলে ক্রমবর্ধমান পর্যটক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশসচেতন মানুষ। তাদের মতে, এটি বন্যপ্রাণী ও বনজ সম্পদের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল। পর্যটকের সংখ্যা বাড়লেও পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। তারা চান, এমন ব্যবস্থা নেওয়া হোক যাতে মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, আবার বন ও আগর বাগানেরও কোনো ক্ষতি না হয়।
পরিবেশবাদীদের আশঙ্কা, এখনই কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা না নেওয়া হলে দীর্ঘমেয়াদে বনাঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়তে পারে। অনিয়ন্ত্রিত চলাচল, শব্দদূষণ এবং বনের ভেতরে মানুষের চাপ বন্যপ্রাণীর স্বাভাবিক পরিবেশে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।
পরিবেশবাদী সংগঠনের নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি বলেন, বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গারো পাহাড়ের বনাঞ্চলে অনিয়ন্ত্রিত পর্যটক যাতায়াত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে রাংটিয়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার আব্দুল করিম জানিয়েছেন, আগর বাগান, বনজ সম্পদ ও বন্যপ্রাণীর সুরক্ষায় বন বিভাগ নজরদারি জোরদার করছে। পাশাপাশি দর্শনার্থীদের সচেতন করতে খুব শিগগিরই সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।