বাংলাদেশ ও ভারতের পর্যটন খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পর্যটক বিনিময় এবং নতুন সম্ভাবনা অনুসন্ধানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় পর্যটন শিল্পের বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশ নেন ভারতের তামিলনাড়ু রাজ্যের ঊনকোটি জেলার জেলা প্রশাসক মেঘা জৈনের বাবা ও বিশিষ্ট ব্যবসায়ী মনোজ জৈন এবং ত্রিপুরা রাজ্যের আগরতলাভিত্তিক পর্যটন প্রতিষ্ঠান হলিডে প্ল্যানার্সের স্বত্বাধিকারী ও ট্যুর অপারেটর মনিষ চক্রবর্তী।

এর আগে ভারতীয় পর্যটন ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থলবন্দর দিয়ে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম এবং দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি ও স্মার্ট ট্যুরিজমের স্বত্বাধিকারী এম এ রকিব।

সফরকালে অতিথিরা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক তাদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থানও ঘুরে দেখেন। প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগানভিত্তিক পর্যটন এবং সীমান্তবর্তী অঞ্চলের পর্যটন সম্ভাবনা সম্পর্কে তারা আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভায় দুই দেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সীমান্তবর্তী পর্যটন গন্তব্যগুলোর প্রচার, পর্যটনবান্ধব যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পর্যটকদের জন্য নতুন ভ্রমণ সুযোগ তৈরির বিষয়ে মতামত বিনিময় করা হয়।

অংশগ্রহণকারীরা মনে করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটন সহযোগিতা বাড়ানো গেলে উভয় দেশের অর্থনীতি, সংস্কৃতি বিনিময় এবং আঞ্চলিক পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।