সুন্দর কোনো দৃশ্য বা সুরের মতোই একটি বিশেষ ঘ্রাণ মানুষের মনে জাগিয়ে তুলতে পারে বহু পুরোনো স্মৃতি। শৈশব, প্রিয় মানুষ, প্রথম ভ্রমণ কিংবা কোনো বিশেষ মুহূর্তের সঙ্গে জড়িয়ে থাকা গন্ধ মুহূর্তেই ফিরিয়ে নিতে পারে অতীতে। তাই ভ্রমণ অভিজ্ঞতার ক্ষেত্রেও ঘ্রাণ একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়।

গবেষণায় দেখা গেছে, সংস্কৃতি ও ভৌগোলিক পার্থক্য থাকলেও কিছু নির্দিষ্ট সুগন্ধ বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই সমানভাবে আকর্ষণীয়। বিজ্ঞান সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত এক গবেষণায় ভ্যানিলাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুগন্ধগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে পছন্দের ১০টি ঘ্রাণ এবং সেগুলো উপভোগের সেরা গন্তব্যগুলো তুলে ধরা হলো।

ল্যাভেন্ডারের সুবাস, ফ্রান্স
গ্রীষ্মে ফ্রান্সের প্রোভঁস অঞ্চল বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুলে ঢেকে যায়। জুন ও জুলাই মাসে এখানে ভেসে বেড়ায় মনমুগ্ধকর ফুলের সুবাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সুগন্ধি শিল্পকে অনুপ্রাণিত করে আসছে।

ভ্যানিলার ঘ্রাণ, মাদাগাস্কার
উষ্ণ ও মিষ্টি ভ্যানিলার সুগন্ধ বিশ্বজুড়ে জনপ্রিয়। বিশ্বের উচ্চমানের ভ্যানিলা উৎপাদনের বড় অংশই আসে মাদাগাস্কার থেকে। সাভা অঞ্চলের খামারগুলোতে ভ্যানিলার সুবাস পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে।

জুঁই ফুলের মাদকতা, মিসর
সূর্যাস্তের পর জুঁই ফুলের মিষ্টি ও তীব্র ঘ্রাণ আরও স্পষ্ট হয়ে ওঠে। বিলাসবহুল সুগন্ধি তৈরির জন্য ব্যবহৃত জুঁই উৎপাদনে মিসর বিশ্বের অন্যতম শীর্ষ দেশ।

তাজা কফির সুগন্ধ, কলম্বিয়া
ভাজা কফি বীজের ঘ্রাণ অনেকের কাছেই আরাম ও উষ্ণতার প্রতীক। কলম্বিয়ার বিখ্যাত কফি ট্রায়াঙ্গেল অঞ্চল, বিশেষ করে সালেন্তো, মানিসালেস ও আর্মেনিয়া শহর, এই অভিজ্ঞতার জন্য সুপরিচিত।

বৃষ্টিভেজা মাটির গন্ধ, ভারত
শুষ্ক মাটিতে প্রথম বৃষ্টির ফোঁটা পড়ার পর যে বিশেষ গন্ধ তৈরি হয়, তা ‘পেট্রিকর’ নামে পরিচিত। বর্ষার শুরুতে ভারতের বিভিন্ন অঞ্চলে এই ঘ্রাণ প্রকৃতিপ্রেমীদের কাছে অনন্য অনুভূতি এনে দেয়।

সাগর হাওয়ার সুবাস
লবণাক্ত সমুদ্রবাতাসের ঘ্রাণ অনেকের কাছে স্বাধীনতা ও প্রশান্তির প্রতীক। বিশ্বের প্রায় সব সমুদ্রতীরেই এই অভিজ্ঞতা পাওয়া যায়।

পাইন বনের সতেজতা, ফিনল্যান্ড
ফিনল্যান্ডের বিস্তীর্ণ বনাঞ্চলে পাইন গাছের প্রাকৃতিক সুবাস বিশুদ্ধতা ও সুস্থতার অনুভূতি তৈরি করে। ওউলাঙ্কা ও নুকসিও জাতীয় উদ্যান এ অভিজ্ঞতার জন্য বিখ্যাত।

তাজা রুটির ঘ্রাণ, ফ্রান্স
ফরাসি বেকারিগুলো থেকে বের হওয়া সদ্য বেক করা রুটির মাখনমিশ্রিত সুবাস দেশটির সংস্কৃতিরই অংশ হয়ে উঠেছে। প্যারিসসহ বিভিন্ন শহরে এ অভিজ্ঞতা সহজেই পাওয়া যায়।

চন্দন কাঠের সুগন্ধ, ভারত
উষ্ণ ও কাঠের ঘ্রাণযুক্ত চন্দন শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। কর্ণাটকের মাইসুরু এ সুগন্ধের জন্য বিশেষভাবে পরিচিত।

সাইট্রাস বাগানের সতেজতা, ইতালি
লেবু ও কমলার বাগানজুড়ে ছড়িয়ে থাকা সাইট্রাসের ঘ্রাণ গ্রীষ্মের আবহ এনে দেয়। ইতালির আমালফি উপকূল ও সিসিলি অঞ্চল এ অভিজ্ঞতার জন্য বিশ্বজুড়ে পরিচিত।