নতুন এই টুলটি আপনাকে আকাশ থেকে পৃথিবী ঘুরে দেখার সুযোগ দেবে। তবে কাজটি দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়।
বড় হয়ে কী হতে চাও, এমন প্রশ্নে আমাদের অনেকেরই ছোটবেলায় র উত্তর ছিল—পাইলট। আমাদের মধ্যে অনেকেই হয়তো এখনও সেই স্বপ্ন লালন করি, যদিও জীবনের পথে অন্য কোনো পেশায় চলে গেছি।
যদি উড়োজাহাজ চালানোর প্রতি সেই ভালোবাসা এখনও থেকে থাকে, তাহলে গুগল আর্থের নতুন বিনামূল্যের ফ্লাইট সিমুলেটরটি আপনার জন্যই হতে পারে।
১২ জুন চালু হওয়া এই টুলটি ব্যবহার করে আপনি আকাশ থেকে পুরো পৃথিবী ঘুরে দেখতে পারবেন। এটি মূলত সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে, পেশাদারদের জন্য নয়। তাই ভ্রমণের সময় আপনি থ্রিডি ভবন, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং নানা বিখ্যাত স্থানকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন।
গুগল আর্থের ডেস্কটপ সংস্করণে আগে থেকেই একটি ফ্লাইট সিমুলেটর ছিল। তবে এবারই প্রথম এটি সরাসরি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।
যেভাবে ব্যবহার করবেন?
ফ্লাইট সিমুলেটর ব্যবহার করতে প্রথমে Google Earth-এর ওয়েবসাইটে যান। এরপর Explore Earth-এ ক্লিক করুন, Tools মেনু খুলুন এবং Flight Simulator নির্বাচন করুন।
বিভিন্ন কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি গতি বাড়ানো, কমানো, ডানে-বামে ঘোরানোসহ আরও নানা কাজ করতে পারবেন।
সবচেয়ে ভালো বিষয় হলো, ভুল করে বিমান বিধ্বস্ত হলেও কোনো অপমানজনক গ্রাফিক্স বা সতর্কবার্তা দেখানো হয় না। সিমুলেশনটি শুধু থেমে যায়, এরপর আপনি আবার নতুন করে উড্ডয়ন শুরু করতে পারেন।