ফিফা ২০২৬ বিশ্বকাপে এবার বিভিন্ন দেশের জাতীয় বিমান সংস্থাগুলো বিশেষ থিমে সাজানো বিমান ব্যবহার করে নিজেদের দলকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে পৌঁছে দিয়েছে।

বিশ্বকাপ শুধু মাঠের খেলার জন্যই বিখ্যাত নয়। বাইরের আয়োজন, সংস্কৃতি ও উপস্থাপনাও গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারী প্রতিটি দেশ, যাদের মধ্যে কয়েকটি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে, নিজেদের সংস্কৃতি ও পরিচয় তুলে ধরতে চায় বিভিন্ন উপায়ে। কখনও দল ঘোষণার ভিডিও, কখনও বিশেষ জার্সি, আবার কখনও বিমানের রঙসজ্জার মাধ্যমে।
এখন যেহেতু সব দলই তাদের বেস ক্যাম্পে পৌঁছে গেছে, তাই এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ উপলক্ষে তৈরি সবচেয়ে আকর্ষণীয় বিশেষ বিমান রঙসজ্জাগুলো।

আর্জেন্টিনা
আর্জেন্টিনার জাতীয় বিমান সংস্থা অ্যারোলাইনিয়াস আর্জেন্টিনাস বিশ্বকাপ উপলক্ষে তাদের বিমানে বিশেষ রঙসজ্জা করেছে। বিমানের লেজে রাখা হয়েছে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির জার্সি নম্বর ১০। এছাড়া বিমানের নিচের অংশে যুক্ত করা হয়েছে তিনটি তারকা, যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের প্রতীক।

কাতার
কাতার এয়ারওয়েজ শুধু বিমানের বাইরের অংশেই নয়, ভেতরের কেবিনেও বিশ্বকাপ থিমের সাজসজ্জা যুক্ত করেছে। সংস্থাটি জানিয়েছে, এই বিশেষ রঙসজ্জা বিশ্বকাপ শেষ হওয়ার পরও দীর্ঘদিন আকাশে উড়বে।

আলজেরিয়া
আলজেরিয়ার জাতীয় বিমান সংস্থা এয়ার আলজেরিয়ো তাদের বিমানের লেজে স্থান দিয়েছে একটি ফেনেক শিয়ালের ছবি। ফেনেক শিয়াল দেশটির জাতীয় প্রাণী এবং আলজেরিয়া জাতীয় ফুটবল দলের জনপ্রিয় ডাকনাম লে ফেনেকসরও প্রতীক।

পর্তুগাল
পর্তুগাল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় দলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার আগে টিএপি এয়ার পর্তুগালের বিশেষ বিমানের সামনে দাঁড়িয়ে আছে। বিমানটিও বিশ্বকাপ উপলক্ষে বিশেষভাবে সাজানো হয়েছিল।
বিশ্বকাপ শুধু ফুটবল নয়, এটি জাতীয় পরিচয়, সংস্কৃতি ও গর্ব প্রকাশেরও একটি বৈশ্বিক মঞ্চ। আর বিশেষ বিমান রঙসজ্জাগুলো সেই গল্পকেই আকাশপথে তুলে ধরছে নতুন মাত্রায়।