দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ অঞ্চলের চারটি সৈকত বিশ্বের সেরা সৈকতগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। আন্তর্জাতিকভাবে পরিচিত পানীয় ব্র্যান্ড করোনা প্রকাশিত ২০২৬ সালের ‘করোনা বিচ ১০০’ তালিকায় এই স্বীকৃতি এসেছে। প্রাকৃতিক সৌন্দর্য, সৈকতকেন্দ্রিক সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে সংযোগের ভিত্তিতে বিশ্বের সেরা ১০০ সৈকত নির্বাচন করা হয়।
তালিকায় অন্তর্ভুক্ত সৈকতগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো ‘বিউটিফুল বিচ’, ‘স্টানিং বিচ’ এবং সর্বোচ্চ সম্মাননা ‘আনফরগেটেবল বিচ’।
পশ্চিম কেপের চারটি সৈকতের মধ্যে ক্রালবাই বিচ সর্বোচ্চ ‘আনফরগেটেবল বিচ’ মর্যাদা অর্জন করেছে। এছাড়া বোল্ডার্স বিচ ও উইল্ডারনেস বিচ পেয়েছে ‘স্টানিং বিচ’ স্বীকৃতি। ক্যাম্পস বে স্থান পেয়েছে ‘বিউটিফুল বিচ’ শ্রেণিতে।
কেপ টাউন থেকে প্রায় ৯০ মিনিট উত্তরে ওয়েস্ট কোস্ট ন্যাশনাল পার্কে অবস্থিত ক্রালবাই বিচ তার নীলাভ লেগুন, সাদা বালুকাবেলা এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। চারপাশের সবুজ প্রকৃতি সৈকটির সৌন্দর্যকে আরও অনন্য করে তুলেছে। বিশ্বের মাত্র ২০টি সৈকত এ বছর ‘আনফরগেটেবল বিচ’ মর্যাদা পেয়েছে, যার একটি ক্রালবাই।
অন্যদিকে গার্ডেন রুট অঞ্চলের উইল্ডারনেস বিচ প্রথমবারের মতো এই তালিকায় জায়গা করে নিয়েছে। ভারত মহাসাগরের উষ্ণ নীল জলরাশি, সোনালি বালুকাবেলা এবং পাহাড় ও বনঘেরা প্রাকৃতিক পরিবেশের কারণে সৈকতটি ‘স্টানিং বিচ’ স্বীকৃতি অর্জন করেছে।
পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরেই জনপ্রিয় বোল্ডার্স বিচও তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে। আফ্রিকান পেঙ্গুইনের উপনিবেশের জন্য বিখ্যাত এই সৈকতটি চলতি বছরের শুরুতে বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী সৈকতগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এবারও এটি ‘স্টানিং বিচ’ শ্রেণিতে স্থান পেয়েছে।
আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ক্যাম্পস বে সূর্যাস্ত উপভোগের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। সাঁতার, রৌদ্রস্নান, ফটোগ্রাফি এবং অবকাশযাপনের জন্য স্থানীয় ও বিদেশি পর্যটকদের কাছে এটি সমানভাবে আকর্ষণীয়। এ বছর সৈকতটি ‘বিউটিফুল বিচ’ স্বীকৃতি পেয়েছে।