সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে আগ্রহীদের জন্য এসেছে সুখবর। পর্যটক ভিসা প্রক্রিয়া দ্রুততর করার পাশাপাশি গ্রীষ্মকালজুড়ে হোটেল, বিনোদনকেন্দ্র ও বিভিন্ন পর্যটন কার্যক্রমে আকর্ষণীয় ছাড় দিচ্ছে দেশটি। প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পর্যটক ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় স্বল্প সময়ের পরিকল্পনায় ভ্রমণকারীদের জন্য আমিরাত আরও সহজলভ্য হয়ে উঠছে।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি গ্রীষ্ম মৌসুমে পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন খাতে বিশেষ মূল্যছাড় চালু করা হয়েছে। হোটেল, আউটডোর বিনোদন এবং জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

সাধারণত শীতকালকে আমিরাত ভ্রমণের প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করা হলেও গ্রীষ্মে পর্যটক সংখ্যা তুলনামূলক কম থাকায় অনেক প্রতিষ্ঠান বিশেষ অফার ঘোষণা করে। ফলে এ সময় ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসে।

প্রতিবেদন অনুযায়ী, কিছু হোটেলে কক্ষ ভাড়া ১৩৯ দিরহাম থেকে শুরু হচ্ছে। এতে দুই রাতের আবাসন খরচ ৩০০ দিরহামেরও নিচে রাখা সম্ভব হচ্ছে, যা বছরের ব্যস্ত মৌসুমের তুলনায় অনেক কম।

আমিরাত ভ্রমণে মরুভূমি সাফারি বা ডেজার্ট সাফারি অন্যতম জনপ্রিয় আকর্ষণ। সাধারণ সময়ে এ ধরনের প্যাকেজের মূল্য ১৫০ দিরহাম বা তার বেশি হলেও গ্রীষ্মকালীন অফারে অনেক প্রতিষ্ঠান ৫০ দিরহাম থেকে সেবা দিচ্ছে।

এ ছাড়া সমুদ্রপথে বুর্জ আল আরব ও আটলান্টিসের মতো বিখ্যাত স্থাপনা ঘুরে দেখার জন্য জেট স্কি ভ্রমণও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। গ্রীষ্মকালীন অফারে এ খাতেও প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। বিভিন্ন থিম পার্ক, জাদুঘর, অ্যাকুয়ারিয়াম এবং ইনডোর বিনোদনকেন্দ্রে অনলাইন ছাড়, যৌথ টিকিট এবং পারিবারিক প্যাকেজ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে শিশুদের জন্য বিশেষ অফারও চালু রয়েছে।