গতি ও আরামের জন্য বিশ্বজুড়ে খ্যাত জাপানের শিনকানসেন (বুলেট ট্রেন) এবার আরও বিলাসবহুল হতে যাচ্ছে। চলতি বছরেই এসব ট্রেনে যুক্ত হচ্ছে নতুন ব্যক্তিগত স্যুট বা কেবিন, যেখানে থাকবে লকযোগ্য দরজা, হেলানো যায় এমন আসন এবং আলাদা বা ডেডিকেটেড ওয়াই-ফাই সুবিধা।
জাপানের বিখ্যাত বুলেট ট্রেনগুলোতে বিলাসবহুল এই সুবিধা চালু করা হবে ‘সুপ্রিম ক্লাস’ নামে। আগামী ১ অক্টোবর থেকে যাত্রীরা এসব ব্যক্তিগত কেবিন বুক করতে পারবেন। কেবিনগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) এবং নিজের পছন্দমতো আলো নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকবে।
প্রথম শ্রেণির বিমানের কেবিনের আদলে তৈরি এই স্যুটগুলো শুরুতে প্রতিদিন প্রায় ১২টি ট্রেনে পাওয়া যাবে। বছরের শেষ নাগাদ এ সংখ্যা বেড়ে ৩০টিতে পৌঁছাবে।
রেল অপারেটর- সেন্ট্রাল জাপান রেলওয়ে (জেআর সেন্ট্রাল) এবং ওয়েস্ট জাপান রেলওয়ে (জেআর ওয়েস্ট) জানিয়েছে, ২০২৮ সালের শেষ নাগাদ টোকাইডো শিনকানসেনের প্রায় ৩০ শতাংশ ট্রেনে সুপ্রিম ক্লাস কেবিন সুবিধা চালু করা হবে।
কেমন হবে নতুন কেবিন?
সুপ্রিম ক্লাসে দুই ধরনের কেবিন থাকবে। একটি হবে তুলনামূলক বড়, যেখানে থাকবে সোফা, অতিরিক্ত জায়গা এবং সর্বোচ্চ দুজন যাত্রী ভ্রমণ করতে পারবেন। অন্যটি হবে ছোট আকারের, যা একক ভ্রমণকারীর জন্য।
ছোট কেবিনটি নোজোমি শিনকানসেন ট্রেনে টোকিও থেকে নাগোয়া রুটে পাওয়া যাবে। একমুখী রুটে ভাড়া পড়বে বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার টাকার মতো।
একই রুটে বড় কেবিনের ভাড়া হবে ৩৫ হাজার টাকার মতো। তবে দ্বিতীয় যাত্রীকে আলাদাভাবে সাধারণ ভাড়া এবং লিমিটেড এক্সপ্রেস টিকেট কিনতে হবে।
জেআর সেন্ট্রালের প্রেসিডেন্ট শুনসুকে এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন এই সেবা উচ্চমানের ভ্রমণ অভিজ্ঞতা খুঁজছেন এমন যাত্রীদের জন্য আরও উন্নত সুবিধা নিশ্চিত করবে।